রাজ্যের খবর
বাগবাজারের কেন্দ্রীয় স্টোর থেকে সরবরাহ হচ্ছে করোনা ভ্যাকসিন
নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী : করোনা প্রতিরোধে প্রথম পর্যায়ে মঙ্গলবারই রাজ্যে এসে পৌঁছেছে কয়েক লক্ষ ভ্যাকসিন। একটি বেসরকারি সংস্থার বিশেষ বিমানে, পুনের সিরাম ইনস্টিটিউট থেকে ৮৩ টি বাক্সে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিনের ডোজ কলকাতা বিমান বন্দরে পৌঁছায়।
তিনটি ইনসুলেটেড ট্রাকে ভরে ভ্যাকসিন গুলি কলকাতার বাগবাজারে অবস্থিত কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ধাপে ধাপে ভ্যাকসিন সরবরাহ করা হবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতেই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। এরজন্য মোট ৯৪১ টি কোল্ড চেইন পয়েন্ট গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগণায় টিকাকরণের জন্য প্রায় ৪৭ হাজার স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে। মোট ২০ টি টিকাকরণ কেন্দ্র থেকে জেলার স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন। পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা সংরক্ষণের জন্য ১১টি ফ্রিজারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী মিলিয়ে প্রায় ২৪ হাজার জনকে টিকা দেওয়া হবে বলে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গি জানিয়েছেন।
অন্যদিকে, হুগলী জেলার জন্য বরাদ্দ হয়েছে ৩২ হাজার ডোজ ভ্যাকসিন। কড়া পুলিশি নিরাপত্তায় তা পৌঁছে দেওয়া হয় চুঁচুড়ায় জেলা ভ্যাকসিন স্টোরে। পূর্ব বর্ধমানের জন্য বরাদ্দ হয়েছে ১৯ হাজার ভ্যাকসিন ডোজ। হাওড়ার জন্য ২৮ হাজার ডোজ বরাদ্দ বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার ভ্যাকসিন পৌঁছচ্ছে। উত্তর দিনাজপুর জেলাতে প্রায় ১৫ হাজারের অধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। উল্লেখ্য, ১৬ই জানুয়ারি থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা টিকাকরণের কাজ শুরু হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের খরচ, কেন্দ্রীয় সরকার মেটাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
