জেলার খবর
প্রধান শিক্ষকের সঙ্গে দ্বৈরথ পরিচালন সমিতির সভাপতির, শিকেয় পঠন-পাঠন
নিউজ ডেস্ক: সিভিক ভলান্টিয়ার হয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। পদে আসবার পর থেকেই শুরু হয়েছে নানা ক্ষেত্রে জটিলতা। এনিয়ে শুরু হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে দ্বৈরথ। যাকে ঘিরে পঠন পাঠন শিকেয় ওঠার জোগাড় মালদার হবিবপুর আইহো হাইস্কুলে।
স্কুল পরিচালন সমিতির সভাপতির পদে আসীন সিভিক ভলান্টিয়ার। আর তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে প্রধান শিক্ষককে গালিগালাজ করার। সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষকের দ্বন্দ্বকে ঘিরে ব্যাঘাত স্কুলের স্বাভাবিক পরিবেশে। লাটে ওঠার জোগাড় স্কুলের পঠন-পাঠনের পরিবেশ।
২০২২ সালের নভেম্বর মাসে মালদার হবিবপুর ব্লকের আইহো হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মণ। স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন। তার মর্জিমাফিক কাজ করে চলেছেন।
নানাক্ষেত্রে তিনি বিভিন্নভাবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগীতা করছেন। সম্প্রতি স্কুলে এক বৈঠকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। যার জেরে অসুস্থ হয়ে পড়েন বলে দাবী প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্রের।
সভাপতির কাজে অসন্তুষ্ট স্কুলের অন্যান্য শিক্ষকেরাও। ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তর , জেলা পুলিশ সুপার ও হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ মিশ্র। তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করার আবেদন করেছেন তিনি।
আরও পড়ুন- BJP vs TMC! ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টার ঘিরে তুঙ্গে ধর্ম রাজনীতি!
যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় বর্মণের। প্রধান শিক্ষক নানা কাজে জটিলতা তৈরি করে বলে পাল্টা অভিযোগ তার। এনিয়ে তিনিও বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন।
স্কুলে এই অশান্তিময় পরিবেশে অসন্তুষ্ট শিক্ষকেরা। দ্রুত স্কুলের নির্মীয়মান ভবনের কাজ শেষ করে পঠনপাঠন স্বাভাবিক করার দাবী জানিয়েছেন তারা।
যদিও একজন সিভিক ভলান্টিয়ারকে পরিচালন সমিতির সভাপতি পদে আসীন করার সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।মূলত দলের আধিপত্য বিস্তারেই তৃণমূল কংগ্রেস এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে কটাক্ষ বিজেপি নেতৃত্বের।
তবে তৃণমূল নেতৃত্বর দাবী ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনি পথেই এর সমাধান হবে। তৃণমূলও শিক্ষাঙ্গণে অরাজকতা কোনভাবেই বরদাস্ত করবে না বলে জানিয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র।
আরও পড়ুন-মোবাইল ফোন ব্যবহারই কারণ! হুগলিতে এক বছরে উধাও ৮০০-এর বেশি কিশোরী
