দেশের খবর
বিচ্ছেদের পরই দুবাইয়ে জনপ্রিয় নেটপ্রভাবীর সঙ্গে চহাল! ভক্তদের কৌতূহল তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। শেষমেশ পারস্পরিক বোঝাপড়ার অভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তাঁরা। গত মাসে মুম্বইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাঁদের।
২০২০ সালে বিয়ে হয়েছিল চহাল ও ধনশ্রীর। কিন্তু ধীরে ধীরে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। প্রায় দেড় বছর আলাদা থাকার পর, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পর দু’জনেই সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করলেও, একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। তবে, বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই ধনশ্রীকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। কেউ কেউ তাঁকে ‘অর্থলোভী’ বলে কটাক্ষও করেন। এমনকি গুঞ্জন ছড়ায়, বিচ্ছেদের সময় চহালের কাছ থেকে ৬০ কোটি টাকা খোরপোষ দাবি করেছিলেন ধনশ্রী। যদিও এই দাবি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ইতিহাসের পুনরাবৃত্তি? সিরিয়ায় নতুন করে নৃশংসতার ছায়া
বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই, নতুন এক নারীর সঙ্গে যুজবেন্দ্র চহালের নাম জড়িয়ে যায়। ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের দিন, দুবাইয়ে জনপ্রিয় নেটপ্রভাবী আরজে মহওয়াশের সঙ্গে তাঁকে দেখা যায়। তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও একাধিকবার চহাল ও মহওয়াশকে একসঙ্গে দেখা গিয়েছে, যা তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
আরজে মহওয়াশ পেশায় একজন জনপ্রিয় ইউটিউবার এবং নেটমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি মূলত মজার ও সামাজিক সচেতনতামূলক ভিডিও তৈরি করেন, যা তাঁকে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। রেডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
যুজবেন্দ্র চহালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পর মহওয়াশ নিজেই মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই গুঞ্জন ভিত্তিহীন এবং গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন। তবে চহাল নিজে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। চহাল ও ধনশ্রীর বিচ্ছেদের পরবর্তী সময়ে এই নতুন গুঞ্জন কতটা সত্যি, তা হয়তো সময়ই বলবে। তবে চহাল ও মহওয়াশের বন্ধুত্ব নিয়ে ক্রিকেটপ্রেমী ও নেটিজেনদের কৌতূহল এখন তুঙ্গে।
