অফবিট
ঘুষ ও ভেজাল ঘি: তিরুপতির লাড্ডু প্রস্তুতিতে বড় অনিয়মের ছায়া
ডিজিটাল ডেস্ক: তিরুপতির লাড্ডু (Tirupati Laddu) বিতর্কে নতুন মোড়! তদন্তে ধরা পড়েছে নগদ ৫০ লক্ষ টাকা (₹50 lakh) ঘুষ লেনদেনের প্রমাণ। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ভেজাল ঘি (adulterated ghee) কেলেঙ্কারির মধ্যে।
তদন্তে জানা গেছে, তিরুমলা তিরুপতি দেবস্থানম (TTD)-এ ঘি সরবরাহ সংক্রান্ত দুর্নীতির ঘটনায় এই টাকা লেনদেনের সূত্র মিলেছে। প্রতি বছর লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীদের জন্য যে ‘শ্রীভরি লাড্ডু’ (Srivari Laddu) তৈরি হয়, তার জন্য ব্যবহার করা হচ্ছিল ভেজাল ঘি। অভিযোগ অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ ও প্রাক্তন TTD চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডির ব্যক্তিগত সহকারী চিন্নাপ্পানার হাতে নগদ ৫০ লক্ষ টাকা পৌঁছেছিল।
উত্তরপ্রদেশের প্রিমিয়ার অ্যাগ্রি ফুডস প্রাইভেট লিমিটেডের হাওয়ালা এজেন্টদের মাধ্যমে দিল্লির প্যাটেল নগর মেট্রো স্টেশনের কাছে এই লেনদেন সম্পন্ন হয়। প্রথমে আমন গুপ্তা (Aman Gupta) ২০ লক্ষ টাকা দেন, বাকি ৩০ লক্ষ টাকা যায় বিজয় গুপ্তা (Vijay Gupta) নামের এক্সিকিউটিভের মাধ্যমে।
যৌথ তদন্তে প্রকাশ, চারটি সংস্থা দরপত্র জিতে লাভ বাড়ানোর জন্য ঘি সরবরাহে কারচুপি করেছে। প্রায় ৬০.৩৭ লক্ষ কেজি ভেজাল ঘি, যার বাজারমূল্য প্রায় ২৪০.৮ কোটি টাকা, TTD-র কাছে পৌঁছেছিল। প্রধান অভিযুক্ত ‘ভোলে বাবা অর্গানিক ডেয়ারি মিল্ক প্রাইভেট লিমিটেড’ পাম অয়েল ও রাসায়নিক মিশিয়ে ঘি তৈরি করত। অন্যান্য সংস্থা—শ্রী বৈষ্ণবী ডেয়ারি স্পেশ্যালিটিজ, মালগঙ্গা মিল্ক অ্যান্ড আগ্রো প্রোডাক্টস ও এআর ডেয়ারি ফুডস—এর মাধ্যমে তা মন্দিরে পৌঁছেছিল।
গুজরাতের ল্যাবে পরীক্ষায় ধরা পড়েছে মাছের তেল, গরুর চর্বি (beef tallow) ও লার্ডের চিহ্ন। প্রতিদিন তিরুপতি মন্দিরে তৈরি হয় প্রায় ৩ লক্ষ লাড্ডু, যার জন্য প্রায় ১,৫০০ কেজি ঘি লাগে। এত বড় পরিসরে ভেজাল ঘি সরবরাহের ঘটনা প্রশাসনিক গাফিলতি ও সম্ভাব্য যোগসাজশের ইঙ্গিত দেয়।
