অফবিট
‘টাইটানিক’ পোজ়ে ট্রাম্প ও এপস্টিন! ওয়াশিংটনের মলে বিকৃত ভাস্কর্য ঘিরে শোরগোল
ডিজিটাল ডেস্কঃ কালজয়ী চলচ্চিত্র ‘টাইটানিক’ (Titanic)-এর সেই আইকনিক রোমান্টিক পোজ় মনে নেই এমন মানুষ বিরল। যেখানে জ্যাক ও রোজ়কে জাহাজের সামনের অংশে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। তবে আমেরিকার (America) রাজধানী ওয়াশিংটন ডিসি-র ন্যাশনাল মলে (National Mall) ঠিক এই দৃশ্যটিরই এক বিকৃত ও ব্যঙ্গাত্মক (Satirical) রূপ দেখা গেল। যেখানে রোজ়-এর জায়গায় রয়েছেন প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এবং জ্যাকের জায়গায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স (Reuters) সূত্রে খবর, প্রায় ১২ ফুট লম্বা এই সোনালি ভাস্কর্যটি (Sculpture) স্থাপন করেছে ‘সিক্রেট হ্যান্ডশেক’ (Secret Handshake) নামক এক অজ্ঞাতপরিচয় শিল্পী গোষ্ঠী। ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড’ (The King of the World)। এর নিচে থাকা ফলকে ট্রাম্প ও এপস্টিনের অতীত সম্পর্ককে ‘ট্র্যাজিক লাভ স্টোরি’ বা বিয়োগান্তক প্রেমের কাহিনি বলে তীব্র বিদ্রূপ করা হয়েছে। সেখানে এপস্টিনের ব্যক্তিগত জেটে ট্রাম্পের ভ্রমণ এবং গোপন পার্টির দিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মূর্তির সামনে ইউএস ক্যাপিটালের (US Capitol) দিকে মুখ করে ১০টি ব্যানারও লাগানো হয়েছে, যেখানে বিচার বিভাগের প্রতীকের জাস্টিস (Justice) শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস (White House)। প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ (Politically Motivated) বলে দাবি করেছেন এবং এর পেছনে ডেমোক্র্যাটদের (Democrats) হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। বর্তমানে ইরান যুদ্ধের (Iran War) উত্তেজনার মাঝে এই ভাস্কর্য ট্রাম্প প্রশাসনের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমালোচকদের মতে, ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) থেকে জনগণের নজর ঘোরাতেই ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন— শিল্পী গোষ্ঠী এই মূর্তির মাধ্যমে সেই বার্তাই দিতে চেয়েছে। এর আগেও এই গোষ্ঠী ট্রাম্প ও এপস্টিনের ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ (Best Friends Forever) নামক ভাস্কর্য স্থাপন করে আলোচনার জন্ম দিয়েছিল।


