অফবিট
ধর্মীয় আড়ালে শোষণের অভিযোগ! পকসো আইনে মামলা শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের নামে
ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে নাবালকদের যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগে মামলা রুজু করার নির্দেশ দিল প্রয়াগরাজ আদালত। আদালতের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ঝুনসি থানায় শঙ্করাচার্য, তাঁর শিষ্য মুকুন্দানন্দ গিরি এবং আরও তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পকসো (POCSO) আইনের ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আশুতোষ ব্রহ্মচারীর দাবি, ২০২৫ সালের মহাকুম্ভ এবং ২০২৬ সালের মাঘ মেলা (Magh Mela) চলাকালীন শিবিরে আসা দুই নাবালককে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে। আদালতে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, ‘গুরুর সেবা’র নামে শিশুদের ওপর যৌন সম্পর্ক স্থাপনের চাপ দেওয়া হতো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্যাতনের সময় শিশুদের বয়স ছিল ১৪ ও ১৭ বছর। শুধু তাই নয়, প্রায় ২০ জন নাবালক এবং বেশ কিছু মহিলা তাঁর লালসার শিকার হয়েছেন বলে দাবি করে আদালতে একটি সিডি (CD) প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।
পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও, নাবালকদের বয়ান ও প্রমাণের (Evidence) ভিত্তিতে এডিজে বিনোদ কুমার চৌরাসিয়া তদন্তের নির্দেশ দেন। যদিও অভিমুক্তেশ্বরানন্দ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, গোহত্যা বিরোধী প্রচার ও সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো (Framed) হচ্ছে। অন্যদিকে, তাঁর শিষ্য ১০৪ পৃষ্ঠার হলফনামা (Affidavit) দাখিল করে অভিযোগকারী আশুতোষ ব্রহ্মচারীর বিরুদ্ধেই একাধিক অপরাধমূলক রেকর্ড তুলে ধরেছেন। বর্তমানে প্রয়াগরাজ পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত (Detailed investigation) শুরু করেছে।


