হামলা
‘অপারেশন সিঁদুর’-এর পোস্টার মুক্তি নিয়েই তোপের মুখে বলিউড নির্মাতারা
ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে ভারত চালিয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। আর সেই সাহসী সামরিক অভিযানের ওপর ভিত্তি করে বলিউডে তৈরি হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তবে সিনেমার ঘোষণার ধরনে বেজায় ক্ষুব্ধ নেটিজেনরা। যুদ্ধ পরিস্থিতির আবহেই হঠাৎ করে ‘অপারেশন সিঁদুর’ ছবির পোস্টার প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন প্রযোজক সংস্থা।
শুক্রবার রাতে যৌথভাবে এই ছবির পোস্টার উন্মোচন করেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। ছবির পরিচালনায় রয়েছেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা (Uttam Maheshwari & Nitin Kumar Gupta)। পোস্টারে যুদ্ধক্ষেত্রে এক নারী সেনার কপালে সিঁদুর দেওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে, যার শীর্ষে লেখা— ‘ভারত মাতা কি জয়’। তবে এই পোস্টার প্রকাশের পরই তীব্র সমালোচনার মুখে পড়েছে নির্মাতারা।
আরও পড়ুনঃ পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, ভারতীয় বাহিনী প্রস্তুত: বায়ুসেনা উইং কমান্ডার
নেটিজেনদের একাংশের অভিযোগ, “সীমান্তে যখন সেনারা জীবন বাজি রেখে লড়ছেন, তখন বলিউড ব্যবসার সুযোগ নিচ্ছে।” কারও কটাক্ষ, “সংবেদনশীল পরিস্থিতি নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর লোভেই এমন তড়িঘড়ি ঘোষণা।” কেউ আবার প্রশ্ন তুলেছেন, এমন একটি গুরুতর বিষয় নিয়ে তৈরি পোস্টারে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হল? এক নেটিজেন লিখেছেন, “শুধু নাম রেজিস্টার করার দৌড়ে এগিয়ে থাকতে গিয়েই বলিউড এখন বেহায়ার পর্যায়ে পৌঁছেছে।”
সূত্রের খবর, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর সভাপতি বিএন তিওয়ারি (BN Tiwari) জানিয়েছেন, ইতিমধ্যেই পনেরোর বেশি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করার জন্য আবেদন করেছে। এই তালিকায় রয়েছে টি-সিরিজ (T-Series), জি স্টুডিও (Zee Studios), এমনকি পরিচালক অশোক পণ্ডিত (Ashoke Pandit) ও মধুর ভাণ্ডারকরের (Madhur Bhandarkar) মতো বর্ষীয়ানদের নামও।
সমালোচকদের মতে, বিষয়টি নিছক দেশাত্মবোধ নয়, বরং প্রতিযোগিতার বাজারে জায়গা দখলের কৌশল। তাঁদের প্রশ্ন, “সত্যিই কি সেনাদের আত্মত্যাগকে সম্মান জানানো হচ্ছে, নাকি এটি শুধুই বাণিজ্যিক সুযোগের সদ্ব্যবহার?”
তবে দেশাত্মবোধক সিনেমা বলিউডে নতুন কিছু নয়। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike) কিংবা ‘বর্ডার’ (Border), ‘এলওসি কার্গিল’ (LOC Kargil)-এর মতো বহু ছবি অতীতে প্রশংসিত হয়েছে। সেই তালিকাতেই সম্ভবত নতুন সংযোজন হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’— যদিও সেই শুরুতেই বিতর্কে জড়াল এই প্রকল্প।
চলমান ভারত-পাক উত্তেজনার আবহে এমন সিনেমা নিয়ে তড়িঘড়ি পোস্টার প্রকাশ বলিউডের সেন্স অব টাইমিং নিয়েই বড় প্রশ্ন তুলেছে।
