খুন
চার বছর পর গ্রেফতার বিজেপি কর্মী খুনে অভিযুক্ত, এখনও পলাতক ৪
ডিজিটাল ডেস্কঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। চার বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পর বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অরুণ দে (Arun De)-কে গ্রেফতার করল সিবিআই (CBI)। উত্তর ২৪ পরগনার নারকেলডাঙা থেকে তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত অরুণ দের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই।
২০২১ সালের ২ মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন কলকাতার কাঁকুড়গাছি এলাকায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ, ভোট-পরবর্তী হিংসায় তাঁকে পিটিয়ে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই ঘটনার পরে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার তুলে নিয়ে দায়িত্ব নেয় সিবিআই।
আরও পড়ুনঃ “বিজেপি ৫০-এর নীচে আটকে যাবে”, ছাব্বিশের ভবিষ্যদ্বাণী করে ভোটের মঞ্চে বাজি ধরলেন অভিষেক
সিবিআইয়ের চার্জশিটে পাঁচজনকে অভিযুক্ত করা হয়, যাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় শিয়ালদহ এসিজেএম আদালতের নির্দেশে। অভিযুক্তদের ধরতে সিবিআই মাথাপিছু ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করে।
ধৃত অরুণ দে-র বাড়ি নারকেলডাঙার গিরিশ বিদ্যারত্ন লেনে। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে তাকে বুধবার রাতে পাকড়াও করে সিবিআইয়ের একটি বিশেষ দল। দীর্ঘদিন ধরেই সে আত্মগোপনে ছিল বলে জানা গিয়েছে।
তবে এখনও অধরা রয়েছে আরও চার অভিযুক্ত—সুখদেও পোদ্দার ওরফে সুখা, গোপাল দাস ওরফে বিশাল পাল, বিশ্বজিৎ দাস ওরফে বোম্পা এবং অমিত। এঁদের সবার বাড়ি নারকেলডাঙা থানা এলাকার মধ্যেই। অভিযুক্তদের খোঁজ দিতে পারলে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, ধৃত অরুণকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের অবস্থান জানার চেষ্টা চলছে। মামলার গতি ফের দ্রুততর করতে সক্রিয় গোটা তদন্তকারী দল।
