উত্তর দিনাজপুর
তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারের গাড়ী ভাঙচুরের অভিযোগ। আহত দুই
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৪ এপ্রিল : বিজেপির ভোট প্রচারের গাড়ী ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ঘটনার জেরে আহত হয়েছেন দুই জন বিজেপি কর্মী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইটাহার থানার নটোলা গ্রামে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে প্রচারের গাড়ি কাজ সেরে ফিরছিল। গাড়িতে ছিলেন প্রায় চারজন বিজেপি কর্মী। অভিযোগ, ইটাহার থানার নটলা এলাকায় প্রচারের গাড়িটি এসে পৌঁছতেই গাড়ীতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় প্রচারের গাড়িতে। ঘটনায় আহত হন ২ জন বিজেপি কর্মী। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিজেপির কর্মী সমর্থকরা ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে থানায় আসেন বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডু সহ দলের অন্যান্য নেতারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণরুপে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন বলেন, বিজেপি সস্তা রাজনীতি করছে। ভোটে জিততে এসব করে সহানুভূতি কুড়নোর চেষ্টা করছে।
