ভাইরাল খবর
‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ স্লোগান দিলে হাসপাতাল যেতে হবে! কার্গিল দিবসে আজ়াদি স্লোগান নিয়ে বার্তা রাজ্য সভাপতির
ডিজিটাল ডেস্কঃ কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)-এর অনুষ্ঠানে দাঁড়িয়ে দেশবিরোধী স্লোগান (Anti-National Slogan) নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর দাবি, কলকাতার মাটিতে ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ বা ‘ভারত তেরি টুকরে হোঙ্গে’-র মতো স্লোগান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাঁদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়। ওপিডি ঘুরে যেতে হয়।”
রবিবার সকালে কলকাতার বিটি রোড (BT Road) এলাকায় কার্গিল যুদ্ধে শহিদ কণাদ ভট্টাচার্যের মূর্তিতে শ্রদ্ধা জানান শমীক। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের নিরাপত্তা, কাশ্মীর সমস্যা এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সরব হন।
শমীক ভট্টাচার্য বলেন, দেশবিরোধী শক্তি (Anti-National Forces) আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁর অভিযোগ, অতীতে কমিউনিস্টদের একাংশ দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে। বর্তমানে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মতলার সাম্প্রতিক অশান্তি এবং ছাত্র আন্দোলনের নামে হিংসার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। তাঁর দাবি, প্রকৃত ছাত্র আন্দোলনের সঙ্গে যারা হিংসা ছড়িয়েছে তাদের কোনও সম্পর্ক নেই। কলকাতায় শুক্রবারের মিছিল থেকে আজ়াদি স্লোগান ওঠার অভিযোগ নিয়েও তিনি কড়া প্রতিক্রিয়া জানান।
শমীক বলেন, “ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজ়াদি—এই ধরনের স্লোগান দিয়ে কেউ যেন স্বাভাবিকভাবে ফিরে যেতে না পারে।” তিনি পুলিশ প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) দেশবিরোধী স্লোগান নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, স্বাধীনতার পরেও ‘আজ়াদি’ স্লোগানের নামে দেশবিরোধী কার্যকলাপ হলে তা বরদাস্ত করা হবে না।
কার্গিল দিবসে শহিদদের স্মরণ করে শমীক ভট্টাচার্য আরও বলেন, দেশের ঐক্য ও নিরাপত্তা রক্ষায় কোনও আপস করা হবে না।
