খুন
বিমানবন্দরে অতিরিক্ত লাগেজ নিয়ে তাণ্ডব, সেনা আধিকারিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport) অতিরিক্ত কেবিন লাগেজ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ঊর্ধ্বতন সেনা আধিকারিকের তাণ্ডবে চাঞ্চল্য। অভিযোগ, ওই সেনা অফিসারের হামলায় স্পাইসজেটের (SpiceJet) চার কর্মী গুরুতরভাবে জখম হন, যার মধ্যে একাধিকজনের মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে এবং একজন কর্মী অজ্ঞান হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, ঘটনাটি “খুনে মনোভাবের” আচরণ ছাড়া কিছু নয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনা ঘটে গত ২৬ জুলাই। সেনা আধিকারিক শ্রীনগর থেকে দিল্লিগামী স্পাইসজেট ফ্লাইট SG-386-এ উঠতে যাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী ৭ কেজির বেশি কেবিন লাগেজ বহন করা যায় না, অথচ তাঁর সঙ্গে ছিল মোট ১৬ কেজি ওজনের দুটি ব্যাগ। অতিরিক্ত লাগেজের জন্য চার্জ দেওয়ার অনুরোধ জানানো হলে তিনি তা অস্বীকার করেন এবং বোর্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ না করেই জোর করে অ্যারোব্রিজে প্রবেশের চেষ্টা করেন। সিআইএসএফ (CISF) কর্মীরা তাঁকে ফিরিয়ে আনলেও গেটের কাছেই উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ রাশিয়ায় ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, বিজ্ঞানীদের নজরে বিরল ঘটনা
অভিযোগ, তিনি চারজন গ্রাউন্ড স্টাফকে একাধিকবার লাথি ও ঘুষি মারেন। এক কর্মী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও লাথি মারতে থাকেন। আরেক কর্মী সাহায্য করতে গেলে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্পাইসজেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Civil Aviation Ministry) কাছে চিঠি পাঠিয়েছে এবং অভিযুক্তকে নো-ফ্লাই তালিকায় রাখার প্রক্রিয়া শুরু করেছে। সেনাবাহিনীও ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে।
