Uncategorized
ফি কমানোর দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১২ এপ্রিল : সেমিস্টার ফী কমানোর দাবিতে সোমবার আন্দোলনে নামল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ছাত্র ছাত্রীরা।
তাদের বক্তব্য, করোনা আবহে অনলাইন ক্লাস চলেছে দীর্ঘদিন থেকে। অথচ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার ফি বাবদ পুরো টাকা দাবি করছে। ক্ষুব্ধ পড়ুয়ারা অভিযোগ করেন, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়া হচ্ছে করোনার কারণে। তবুও সেমিস্টার ফি বাবদ টাকা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যা দিতে অপারগ তারা। কারণ লকডাউনে অনেকের বাড়িতে রোজগার হারিয়েছে। এই পরিস্থিতিতে যেখানে পেট চালানোই দায়, সেখানে ৮ থেকে ১০ হাজার টাকা ফি দেওয়া কার্যত সম্ভব তাদের পরিবারের কাছে। এর আগেও মার্চ মাসে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি বলে অভিযোগ। এদিন ফের আন্দোলনে নামে তাঁরা। ফলে এদিনের আন্দোলনের জেরে ভর্তি মেয়াদ দশদিন বাড়ানো হয়েছে। তবে ফি না কমালে বৃহত্তর আন্দোলনে হুমকি দিয়েছে পড়ুয়ারা। তবে এদিনের আন্দোলনের জেরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষন।
