অনুন্নয়নের প্রতিবাদে আন্দোলনে কালিয়াগঞ্জে রাজ্য সড়ক অবরোধ মহিলাদের
Connect with us

উত্তর দিনাজপুর

অনুন্নয়নের প্রতিবাদে আন্দোলনে কালিয়াগঞ্জে রাজ্য সড়ক অবরোধ মহিলাদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ, ২৭ মার্চ : অনুন্নয়নের প্রতিবাদে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর চিরাইল পাড়া এলাকায়৷

বাসিন্দাদের অভিযোগ, শহরের ১৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে উন্নয়নে কাজ স্তব্ধ হয়ে পড়ে রয়েছে।রাস্তাঘাটের অবস্থা বেহাল। নর্দমা নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বৃষ্টি হলেই জলে ভেসে যায় গোটা এলাকা। যেখানে সেখানে নোংরা জল জমে যাওয়ার কারণে মশার উপদ্রব শুরু হয়েছে। এমনকি টাইম কলগুলি বন্ধ থাকায় এই গ্রীষ্মে জলের সমস্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।’ এদিকে এই ঘটনায় স্থানীয় প্রাক্তন কাউন্সিলর বসন্ত রায়কে কাঠগড়ায় তুলেছেন আন্দোলনকারীরা। বর্তমানে কালিয়াগঞ্জ পুরসভা পরিচালিত হচ্ছে প্রশাসকের তত্ত্বাবধানে৷ ফলে পুরবোর্ড না থাকায় ব্যাহত হচ্ছে উন্নয়নের কাজ। যদিও বসন্ত রায়কে না পাওয়া গেলেও তাঁর ছেলে জয়ন্ত রায় বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে পুর প্রশাসক বোর্ড নেই। এমনকি জনপ্রতিনিধিরাও তাদের দায়িত্ব পালন করতে পারছে না। ফলে কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে।’ কিন্তু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে প্রায় একমাস হল৷ কিন্তু এতদিনেও উন্নয়নের কাজ কেন হল না তা নিয়ে উঠছে প্রশ্ন।