উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জে দলীয় প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশন বিজেপি কর্মীদের
নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ , ২৭ মার্চ : প্রার্থী বদলের দাবিতে শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুকান্ত মোড়ে আমরণ অনশনে বসেন বিজেপি কর্মীরা।
তাঁদের অভিযোগ, এই কেন্দ্রে যে নেতাকে প্রার্থী করা হয়েছে তাঁকে আমরা মানব না। তাঁর বিরুদ্ধে চাকরির নামে অর্থ তোলা থেকে শুরু করে চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। তাই স্বচ্ছ ভাবমূর্তির একজন স্থানীয় নেতাকর্মীদের থেকে প্রার্থী করা হোক। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা বিজেপি নেতা সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যেই তাঁর বিরোধিতা করে বিক্ষোভ আন্দোলন হয়েছে কালিয়াগঞ্জের বিজেপি কর্মীদের তরফে। পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্ব উদ্যোগী হলেও তাতে কাজের কাজ কিছু হচ্ছে না। শনিবার কালিয়াগঞ্জের বিজেপি কর্মী গৌতম বিশ্বাস, রানা প্রতাপ ঘোষ এবং তন্ময় বিশ্বাস অনশন শুরু করেন সুকান্ত মোড়ে দলীয় কার্যালয়ের সামনে। অনশনে বসা বিজেপি কর্মীরা বলেন, প্রার্থী বদলের দাবিতে তাদের এই আমরণ অনশন। দাবি না মানা পর্যন্ত অনশন চলবে।
