দেশ
জম্মু-কাশ্মীরে নাশকতার ছক বানচাল ভারতীয় সেনার
নিউজ ডেস্ক , ২২ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরে বড়োসড়ো নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনার জওয়ানেরা। রেলওয়ে ক্রসিং থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক। ওই এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
উল্লেখ্য, করোনাকালীন সময় দীর্ঘ কয়েকমাস রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল কাশ্মীরে। সম্প্রতি চালু হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। এরই মাঝে কাশ্মীরের নৌগাম রেলওয়ে ক্রসিং থেকে প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক উদ্ধার ভারতীয় সেনার। ইতিমধ্যেই বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন ভারতীয় সেনার বোম স্কোয়াডের আধিকারিকেরা। এর আগেও ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছিল ভারতীয় সেনা সে কারণেই এলাকাতে তল্লাশি অভিযান জারি রেখেছিলেন তারা। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল নাগাদ রেললাইনের ধারে সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন রেলের কর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের। সেনাবাহিনীর আধিকারিকেরা ব্যাগটি পরীক্ষা করে দেখেন ব্যাগে রয়েছে বিস্ফোরক আইইডি। সেই মুহূর্তে খবর দেওয়া হয় বোম স্কোয়াডের আধিকারিকদের। বোম স্কোয়াডের আধিকারিকেরা এসে ওই বিস্ফোরকটিকে নিস্ক্রিয় করে। ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাত্রীসাধারণ এবং আশেপাশের এলাকায় থাকা বাসিন্দাদের। ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে সীমান্তবর্তী এই অঞ্চলে পাশাপাশি গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকেরা।
