দেশের খবর
স্কুলের পাঠ্যবইয়ে জঙ্গিদের গুণগান! তোলপাড় জম্মু-কাশ্মীর, তদন্তে পুলিশ
ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের সরকারি স্কুলের লাইব্রেরিতে (Library) থাকা দুটি বইকে ঘিরে তীব্র বিতর্কের (Controversy) সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই বইগুলিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের এবং আন্তর্জাতিক জঙ্গিদের ‘মহান ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (Counter Intelligence) শাখা ইতিমধ্যেই একটি এফআইআর (FIR) দায়ের করেছে। একই সঙ্গে একটি প্রকাশনা সংস্থার দফতরে তল্লাশি (Search Operation) চালিয়ে বেশ কিছু নথি ও ডিজিটাল তথ্য (Digital Data) বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিতর্কিত বই দুটি হলো ‘Personalities and Legends of J&K’ এবং ‘Great Personalities of Jammu and Kashmir’। তদন্তে জানা গিয়েছে, এই বই দুটির শতাধিক কপি জম্মু, রামবান, উধমপুর ও বারামুলা জেলার বিভিন্ন সরকারি স্কুলে পাঠানো হয়েছিল। পুলিশ এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ (UAPA)-র কড়া ধারায় মামলা রুজু করেছে। বিতর্ক সামনে আসতেই জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) মনোজ সিনহা কড়া পদক্ষেপ করে স্কুল শিক্ষা দফতরের আটজন আধিকারিককে সাময়িক বরখাস্ত (Suspend) করেছেন এবং সমস্ত স্কুল থেকে বিতর্কিত বই দুটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই ঘটনার বিরুদ্ধে বিজেপি এবং কংগ্রেস—দুই দলই তীব্র প্রতিবাদ (Protest) জানিয়েছে। বিরোধী দলনেতা সুনীল শর্মার অভিযোগ, বইগুলিতে ২০০৮ সালের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের প্রশংসা করা হয়েছে এবং কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি (Former DGP) এসপি বৈদও জানান, বইগুলিতে বিচ্ছিন্নতাবাদী নেতা মকবুল ভাটকে ‘শহিদ’ হিসেবে তুলে ধরা হয়েছে এবং সৈয়দ আলি শাহ গিলানি, মাসারত আলমের মতো ব্যক্তিদের ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত বিপজ্জনক (Dangerous)। অন্যদিকে, মুখ্যমন্ত্রী (Chief Minister) ওমর আবদুল্লা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং কীভাবে এই বইগুলি স্কুলের লাইব্রেরিতে পৌঁছল, তা খতিয়ে দেখছে প্রশাসন (Administration)।
