ভাইরাল খবর
‘কাউকে চাকরিহারা হতে দেব না’! সভা থেকে আইপ্যাক কর্মীদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের মুখে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতি-সক্রিয়তা এবং তৃণমূলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কাজ বন্ধের গুঞ্জন নিয়ে এবার রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার তারকেশ্বরের এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে বাংলার কাজ আটকানো যাবে না। এমনকি আইপ্যাকের কর্মীদের যদি কাজ ছাড়তে বাধ্য করা হয়, তবে রাজ্য সরকার বা দল তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ (Challenge) ছুঁড়ে দিয়ে বলেন, “আমাদের এজেন্সিগুলোকে বলছে যারা আমাদের পার্টির কাজ করে তারা বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা সংস্থা আছে, আমাদের একটা আছে বলে এত ভয়? শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলেই যোগ দেবে। আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরিহারা (Jobless) করব না। এ বিষয়ে সকালে আমি অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
গত শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে ১৬ ঘণ্টার তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর নিজের আয়কর উপদেষ্টা ও নিরাপত্তারক্ষীর বাড়িতে ইডি (ED) হানার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, “আমাকে কি খুন করতে চান? হত্যা (Murder) করে বাংলা পেতে চান? চেষ্টা করে দেখুন।” নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ (Traitor) বলে সম্বোধন করে মমতা জানতে চান, কেন শুধু তৃণমূল নেতাদের বাড়িতেই তল্লাশি হচ্ছে, কেন বিজেপি নেতাদের বাড়িতে কোনো রেইড (Raid) হচ্ছে না?
সিপিএম এবং বিজেপি-র ‘আঁতাত’ নিয়ে তোপ দেগে মমতা বলেন, “সিপিএমের আমলে অনেকবার আমাকে মারার চেষ্টা হয়েছে। এখন বিজেপি সেই পচা সিপিএমগুলোর বুদ্ধিতেই কাজ করছে।” উল্লেখ্য, এর আগে আইপ্যাকের দফতরে ইডি হানার সময়ও সরাসরি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের ঘোষণা থেকে পরিষ্কার যে, আইপ্যাকের ওপর আইনি বা রাজনৈতিক চাপ বাড়লে তৃণমূল পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে।


