ভাইরাল খবর
এজেন্সিকে দিয়ে লিফলেট বিলি করাচ্ছে বিজেপি”, ধরনামঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ মমতার
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় (Esplanade) চতুর্থ দিনেও ধরনায় অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ধরনামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ (Explosive Allegation) করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, শাসকদলের ধরনামঞ্চের আশেপাশেই বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং এই কাজে কেন্দ্রীয় এজেন্সিকেও (Agency) ব্যবহার করা হচ্ছে।
ঘটনার কথা জানতে পেরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চ থেকেই দলীয় কর্মীদের সতর্ক (Alert) করে নির্দেশ দেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে-নাতে ধরতে হবে। অন্যায় করলে ফোঁস করতে হয়।” এর পরেই তিনি মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেন। মমতার কড়া বার্তার পর ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে পাকড়াও করা হয় এবং স্থানীয় দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ কর্মসূচির লিফলেট উদ্ধার হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ওদের এখানে ঢোকার অধিকার নেই। সবাইকে সতর্ক করছি, ধরনার জায়গায় কড়া নজর রাখুন।” এই উত্তেজনার আবহেই বিকেলে ধরনামঞ্চে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক বিশ্লেষকদের (Analyst) মতে, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত এখন চরমে পৌঁছেছে।


