দেশের খবর
যুদ্ধের প্রভাবে ব্যাহত আন্তর্জাতিক সফর! ভারতে আটকে পড়া বিদেশি পর্যটকদের বিশেষ নির্দেশিকা দিল কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ (Clouds of War) বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা (Supreme Leader) আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ থাকায় বহু বিদেশি নাগরিক বর্তমানে ভারতে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
রবিবার ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এক বিবৃতিতে জানিয়েছে, যে সব বিদেশি নাগরিককে ভারত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে বা যাদের ভিসার মেয়াদ (Visa Validity) বাড়ানোর প্রয়োজন, তাঁরা যেন দ্রুত নিকটবর্তী ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও (FRRO)-তে যোগাযোগ করেন। ভারত সরকার তাঁদের থাকার সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
ইতিমধ্যেই ইরান, ইজরায়েল, কুয়েত এবং কাতার সহ একাধিক দেশ তাদের আকাশসীমা (Airspace) বন্ধ করে দিয়েছে। এর ফলে প্রায় ৭০০-র বেশি উড়ান বাতিল করা হয়েছে। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাই বিমানবন্দরের (Dubai Airport) একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন (Helplines) চালু করেছে ভারতীয় দূতাবাস। দেশবাসীকে কঠোর নিরাপত্তা প্রোটোকল (Security Protocol) মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


