ভাইরাল খবর
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তন—লুজ শিট বন্ধ, ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক, জানুন নতুন নিয়ম
ডিজিটাল ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার (Fourth Semester) বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় এবার বড় রদবদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council of Higher Secondary Education)। সংসদ জানিয়েছে, এ বছর থেকে পরীক্ষার্থীদের কোনোভাবেই বাড়তি পাতা বা লুজ শিট (Loose Sheet) দেওয়া হবে না। উত্তরলেখা শেষ হলে সেই পাতার নীচে পরীক্ষক বা ইনভিজিলেটর (Invigilator)–এর সই বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মকেই বলা হচ্ছে ‘এন্ড অফ লাইন (End of Line)’।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান—আইনি জটিলতা (Legal Complications) এড়াতেই এই পদক্ষেপ। পরীক্ষার্থীরা অনেক সময় খাতা চ্যালেঞ্জ বা আরটিআই (RTI) করলে দাবি করেন যে তাঁরা বেশি লিখেছিলেন, কিন্তু পাতা হারিয়েছে। এই অভিযোগ যাচাই করতে সংসদকে সমস্যায় পড়তে হয়। সে কারণেই লুজ শিট বন্ধ এবং স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
সংসদের এক আধিকারিক বলেন—চতুর্থ সেমিস্টারে ২–৩ নম্বরের বেশি প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন কম থাকায় খাতায় পর্যাপ্ত জায়গা থাকবে। প্রশ্নপ্রণেতাদের সে নির্দেশই দেওয়া হয়েছে।
পাশাপাশি, পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় সংসদ আরও কড়া হচ্ছে। টুকলি (Cheating), মোবাইল ব্যবহার বা পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পুরো বছরের এনরোলমেন্ট (Enrollment) বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। ছ’টি বিষয়ের মধ্যে যেকোনো পরীক্ষায় এমন ঘটনা ঘটলেই পরীক্ষা বাতিল হবে।
এমনকি কোনো পরীক্ষার্থী বা তাঁর সঙ্গে থাকা দল পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলে সংশ্লিষ্ট স্কুলকে সরাসরি জরিমানা করা হবে এবং প্রয়োজনে এনরোলমেন্ট বাতিলও হতে পারে। সংসদ আশাবাদী, নতুন নিয়মে পরীক্ষা আরও স্বচ্ছ ও জটিলতামুক্ত হবে।


