রাজ্যের খবর
করোনার কোপ পরীক্ষায়। স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
নিউজ ডেস্ক , ১৫ মে : দেশজুড়ে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে ফের স্থগিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানান, জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। তবে কবে পরীক্ষা হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে শিক্ষা দফতর।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির চোখরাঙানিতে দু’টি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা।বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, করোনার প্রকোপে নাজেহাল গোটা দেশ। দেশের পাশাপাশি রাজ্যেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে কিছুদিন আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা। এবার স্থগিত হয়ে গেল রাজ্যের দুই বড় পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
