রাজনীতি
তৃণমূলের নির্দেশে অবশেষে ইস্তফা গোপাল শেঠের, শেষ হলো অনিশ্চয়তা
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ টালবাহানার শেষে অবশেষে পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ (Gopal Seth)। তৃণমূল কংগ্রেস আগেই তাঁকে পদ ছাড়তে নির্দেশ দিয়েছিল, যা বুধবার জমা দেওয়া তাঁর ইস্তফাপত্রে উল্লেখ করেছেন। তবে এর আগে ছুটিতে যাওয়া, হাইকোর্টে (High Court) বিচারাধীন মামলার অজুহাত এবং পদত্যাগের কারণ জানতে চিঠি দেওয়ায় তৈরি হয়েছিল প্রবল ধোঁয়াশা।
পার্টি সূত্রে জানা গেছে, জলযন্ত্রণা (Water Crisis), নাগরিক পরিষেবার দুরবস্থা এবং গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ২২টি ওয়ার্ডে তৃণমূলের ভরাডুবি—এসবই উঠে আসে ভোটকুশলী সংস্থার রিপোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতেই চেয়ারম্যান বদলের সুপারিশ করা হয়। কিন্তু নির্দেশ মানেননি গোপালবাবু। ফলে তাঁকে শোকজ (Show Cause Notice) পাঠায় তৃণমূল।
এর মধ্যেই তিনি আচমকা চিকিৎসাজনিত ছুটি ঘোষণা করেন এবং অভিযোগ করেন, তাঁর পুলিশ সুরক্ষা (Police Security) তুলে নেওয়া হয়েছে। এমনকি বলেন, “আমার মৃত্যু হলে প্রশাসন দায়ী থাকবে। দুর্নীতির সঙ্গে আপোষ করব না।”
রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়, তাঁর বিদায়ের সঙ্গে প্রাক্তন ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে পুনর্বহাল করা হতে পারে। শেষমেশ দলীয় নেতৃত্বের ফোনেই বুধবার গোপাল শেঠ পদত্যাগপত্র জমা দেন। নতুন চেয়ারম্যান কে হবেন—সেই সিদ্ধান্ত এখনো জানায়নি দল।


