আবহাওয়া
ফিলিপিন্সে প্রবল ভূমিকম্পে কাঁপল মিডানাও, সুনামির আশঙ্কায় জারি সতর্কতা
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ফিলিপিন্সের (Philippines) মিডানাও (Mindanao) অঞ্চলে শুক্রবার সকালেই প্রবল ভূমিকম্প (earthquake) অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৬। এই তীব্র কম্পনের পরই আন্তর্জাতিক একাধিক আবহাওয়া (meteorological) সংস্থা সুনামি (tsunami) আশঙ্কার কথা জানিয়েছে।
ফিলিপিন্স প্রশাসন ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। উপকূলীয় জেলাগুলিতে প্রচার শুরু হয়েছে যাতে সাধারণ মানুষ দ্রুত এলাকা খালি করতে পারেন।
এই ঘটনা আরও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মাত্র দশ দিন আগেই—৩০ সেপ্টেম্বর—একটি বিধ্বংসী সুনামিতে ওই অঞ্চলে প্রাণ হারান অন্তত ৭৪ জন। আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এখনও সেই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতচিহ্ন রয়ে গেছে মিডানাও-সহ আশেপাশের অঞ্চলে।
ফিলিপিন্স এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ, বছরে বহুবার এখানে মৃদু ও মাঝারি মাত্রার কম্পন হয়ে থাকে। তবে এবারের ভূমিকম্পটি অস্বাভাবিকভাবে শক্তিশালী হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনী (disaster management agency) প্রস্তুত রয়েছে উদ্ধার এবং ত্রাণকাজের জন্য।
শুক্রবার সকাল থেকে গোটা দেশে সুনামির আতঙ্কে জনজীবনে ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক ও স্থানীয় সব ধরনের আবহাওয়া সংস্থা।


