দুর্ঘটনা
রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল অযোধ্যা, বাড়ি ধসে মৃত ৫
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের অযোধ্যার (Ayodhya) পাগলা ভারি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ (explosion)। বিস্ফোরণের তীব্রতায় ধসে পড়ে একটি বাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষকর্তারা। আহত হয়েছেন আরও অনেকে।
ঘটনাটি ঘটেছে পুরা কালান্দার থানা (Pura Kalandar Police Station) এলাকার অন্তর্গত গ্রামে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের (debris) নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারে আনা হয় ‘আর্থ মুভিং ভেহিকল’ (earth-moving vehicle)। রাতভর চলে উদ্ধার অভিযান, অন্ধকারে কাজ চালাতে আলোর বিশেষ ব্যবস্থা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত অযোধ্যার পুলিশ সুপার গৌরব গ্রোভার (SSP Gaurav Grover) জানান, ধ্বংসপ্রাপ্ত বাড়িটির মালিক পাপ্পু গুপ্ত। তিনি বলেন, “ঘটনার পরে রান্নাঘরের (kitchen) বাসনপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে।”
অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে (District Magistrate Nikhil Tikaram Funde) বিস্ফোরণের কারণ নিয়ে স্পষ্ট কিছু না জানালেও তিনি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। একটি ফরেনসিক (forensic) দল ঘটনাস্থলে উপস্থিত এবং তদন্ত চলছে।
সার্কেল অফিসার (CO) শৈলেন্দ্র সিং জানান, আরও কয়েকজন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের অনুমান, বাজি (fireworks) অথবা গ্যাস সিলিন্ডার (cylinder) বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত ফরেনসিক পরীক্ষার ফলাফলের পর জানা যাবে বলে জানানো হয়েছে।


