কলকাতা
ব্লু লাইনে বাড়তি ট্রেন, যাত্রী চাপ সামলাতে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার কলকাতার (Kolkata) বুকে একাধিক মেট্রো পরিষেবার নতুন অধ্যায় সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শিয়ালদহ-হাওড়া করিডর চালু হয়ে যাওয়ার পাশাপাশি দমদম-নোয়াপাড়া হয়ে বিমানবন্দরগামী রুটও উদ্বোধন হয়েছে। এর ফলে মহানগরের যোগাযোগ আরও দ্রুত ও সুবিধাজনক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের।
এই আবহেই বড় সিদ্ধান্তের ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway)। দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) পর্যন্ত ব্লু লাইন (Blue Line)-এ যাত্রী চাপ দীর্ঘদিন ধরেই প্রবল। নতুন রুট যুক্ত হওয়ার ফলে ভবিষ্যতে আরও ভিড় বাড়বে বলে আশঙ্কা। সেই কথা মাথায় রেখেই ট্রেন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন ২৬২টি মেট্রো চলাচল করত। সোমবার থেকে এই সংখ্যা বেড়ে হবে ২৮৪। যাত্রী পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে, সেজন্য সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। সামান্য পরিবর্তন হয়েছে দিনের শেষ মেট্রোর সময়সূচিতে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো আগে ছাড়ত রাত ৯টা ৩৩ মিনিটে। সোমবার থেকে সেই সময় হবে রাত ৯টা ৩৪ মিনিট। আবার শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রোর সময় রাত ৯টা ৪৩ মিনিটের বদলে হবে রাত ৯টা ৪৪ মিনিট। যদিও শনিবার ও রবিবার এই পরিবর্তনের প্রভাব পড়বে না।
অর্থাৎ, সপ্তাহের মাঝামাঝি দিনে ট্রেনের সংখ্যা ও চলাচলের সূচিতে খানিক বদল হলেও, প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা মেট্রো।


