ভাইরাল খবর
বন্যার ধাক্কায় স্কুল ডুবলেও বন্ধ হয়নি পরীক্ষা! নৌকায় করেই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা
ডিজিটাল ডেস্কঃ বৃষ্টি কমলেও ঘাটালের (Ghatal) বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। রাস্তাঘাটে হাঁটু বা কোমর সমান জল জমে থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল। বহু এলাকায় একমাত্র ভরসা ডিঙি নৌকা। বাজার করা থেকে শুরু করে স্কুলে যাওয়া— সবই এখন নৌকাভ্রমণের ওপর নির্ভরশীল। এর মধ্যেই শুরু হয়েছে স্কুল পরীক্ষা। ফলে পড়ুয়াদের ঝুঁকি নিয়েই নৌকায় চেপে পরীক্ষা দিতে আসতে হচ্ছে।
ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের (Gurudas High School) প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানিয়েছেন, পরীক্ষা হওয়ার কথা ছিল আগেই, কিন্তু টানা বন্যায় তা পিছিয়ে যায়। জল কিছুটা কমলেও রাস্তাঘাটে জল থাকায় বাধ্য হয়ে নৌকা ব্যবহার করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পক্ষ থেকে ৪টি নৌকা রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিরাপদে আসতে পারে। যাঁরা জলপথে আসতে পারছেন না, তাঁদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ যুদ্ধ ডাক বিলাওয়ালের, ‘জাত গোখরো’র হুঁশিয়ারি— “প্রস্রাবের বাঁধ বানিয়ে সুনামি পাঠাব”
প্রধান শিক্ষক আরও জানান, চলতি বছরে টানা ৫ বার বন্যার জলে ডুবে গিয়েছে স্কুল ভবন। এবারের প্রথম দুটি পরীক্ষা নেওয়ার পরই জল বেড়ে যাওয়ায় পরীক্ষা বন্ধ রাখতে হয়েছিল। পরে পরিস্থিতি খানিকটা উন্নত হলে ফের পরীক্ষা শুরু হয়।
ঘাটালের মহকুমা শাসক (SDO) সুমন বিশ্বাস বলেন, “গুরুদাস হাইস্কুল থেকে এখন জল নেমেছে, কিন্তু রাস্তাঘাটে জল রয়েছে। পৌরসভা ৪টি নৌকা দিয়েছে। এছাড়াও বহু পরিবারের নিজস্ব ডিঙি রয়েছে।” প্রশাসনের দাবি, জল নামার গতি বাড়লেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
