বিনোদন
অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, তোলপাড় সোশ্যাল মিডিয়া
ডিজিটাল ডেস্কঃ সামাজিক মাধ্যমে ফের উত্তাল দক্ষিণী চলচ্চিত্র দুনিয়া। এবার কাঠগড়ায় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলে। প্রথমে নীরব থাকলেও পরে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বিজয়, যদিও বিতর্ক আপাতত থামার নাম নিচ্ছে না।
ঘটনার সূত্রপাত এক্স (প্রাক্তন টুইটার)-এ রম্য মোহন (Ramya Mohan) নামের এক মহিলার পোস্ট থেকে। তিনি দাবি করেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ও মাদকসেবন দীর্ঘদিনের অভ্যাস। তাঁর পরিচিত এক নারী দীর্ঘদিন ধরে এক জনপ্রিয় অভিনেতার দ্বারা শোষিত হয়েছেন। সেই অভিনেতা শুধুই শারীরিক নিগ্রহ নয়, আর্থিক প্রতারণাতেও যুক্ত—এই অভিযোগ সামনে আনেন রম্যা।
যদিও সরাসরি অভিনেতার নাম উল্লেখ করেননি, তবে পরোক্ষ ইঙ্গিতেই বিজয় সেতুপতির দিকেই আঙুল উঠেছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ ধারালো অস্ত্রের কোপে নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য কোন্নাগরে
রম্যার পোস্টের জেরে একপ্রকার ঝড় বয়ে যায় অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি সেই পোস্টটি ডিলিট করেন। জানান, যার বিষয়ে তিনি লিখেছেন, তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিতর্কের আগুন আরও ছড়িয়ে পড়ে যখন বিজয় সেতুপতি নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, “People who know me will only laugh at this.” তিনি বলেন, এমন ‘baseless allegations’ তাঁকে বিচলিত করে না।
তবে নিজের পরিবার ও ঘনিষ্ঠদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা।
তাঁর কথায়, “My family and friends were upset initially, but I explained the truth.”
এই অভিযোগের প্রেক্ষিতে বিজয় এখনও পর্যন্ত কোনও আইনি ব্যবস্থা নেননি, তবে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে নিরপেক্ষ তদন্তের। যদিও অনেকেই মনে করছেন, এর পেছনে থাকতে পারে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য।
তবে এখনই বিতর্ক থেমে যাচ্ছে না বলেই মত বিশ্লেষকদের। #MeToo-র আবহে ফের এক তারকা নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির আড়ালে ঢাকা থাকা অন্ধকার দিক নিয়ে।
