ডিজিটাল ডেস্কঃ ভারত-আমেরিকা প্রতিরক্ষা সহযোগিতা আরও একধাপ এগোল। আগামী দশ বছরের জন্য দুই দেশের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (Pete Hegseth)। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই চুক্তি স্বাক্ষরিত হবে।
মঙ্গলবার দুই দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্তাদের মধ্যে টেলিফোনে আলোচনার পর বুধবার পেন্টাগন একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে, ভারত-আমেরিকা পরবর্তী ১০ বছরে প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং সামরিক সরঞ্জাম বিক্রি-সহ একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে ‘মূল প্রতিরক্ষা অংশীদার’ বলে উল্লেখ করেছেন হেগসেথ।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা এবং গত ফেব্রুয়ারিতে মোদি-ট্রাম্প যৌথ বিবৃতিতে উল্লিখিত অগ্রগতির ভিত্তিতেই এই আলোচনা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে দুই দেশই উদ্বিগ্ন এবং ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুনঃ মোদিকে ‘অর্ডার অফ দ্য স্টার’ সম্মান, ভারত-ঘানা বন্ধুত্বে নতুন অধ্যায়
চিনের আগ্রাসী অবস্থান এবং নিরাপত্তা ভারসাম্য রক্ষার প্রেক্ষাপটে এই প্রতিরক্ষা চুক্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে আয়োজিত শীর্ষ বৈঠকে মোদি ও ট্রাম্প (Donald Trump) উভয়েই প্রতিরক্ষা ক্ষেত্রে গভীর সমন্বয়ের বার্তা দিয়েছিলেন।
চলতি বছরের পরবর্তী India-US Defence Acceleration Ecosystem Summit-এ অংশ নেবে দুই দেশ, যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি, স্টার্টআপ ও যৌথ উৎপাদন নিয়ে আলোচনা হবে।
হেগসেথ বলেন, “আমরা অভিন্ন লক্ষ্যপূরণে ভারতের সঙ্গে অংশীদার হতে আগ্রহী এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অটুট থাকবে।”
এই সমঝোতা যে শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।