রাজনীতি থেকে রুপোলি পর্দা—অরিন্দম শীলের ছবিতে ‘অভিনেতা’ কুণাল ও ব্রাত্য
Connect with us

বিনোদন

রাজনীতি থেকে রুপোলি পর্দা—অরিন্দম শীলের ছবিতে ‘অভিনেতা’ কুণাল ও ব্রাত্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতির এক পরিচিত মুখ কুণাল ঘোষ (Kunal Ghosh) এবার পা রাখছেন রুপোলি পর্দায়। পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) তৈরি করছেন এক রাজনৈতিক থ্রিলার, নাম ‘কর্পূর’ (Karpur)। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কুণাল ঘোষকে। প্রথমবার বড়পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা নিতে চলেছেন তিনি—তাও আবার এমন একটি ছবিতে, যেখানে রাজনীতি, সাংবাদিকতা এবং থ্রিলারের দারুণ মেলবন্ধন ঘটবে।

ছবির প্রেক্ষাপট নির্মিত হয়েছে সাহিত্যিক দীপান্বিতা রায়ের উপন্যাস ‘অন্তর্ধানের নেপথ্যে’-র উপর ভিত্তি করে। তবে শুধুমাত্র উপন্যাস নয়, সেই কাহিনির সঙ্গে মিশেছে অরিন্দম শীলের কল্পনার ছোঁয়া। পরিচালক জানিয়েছেন, ছবির কাহিনি নির্মিত হয়েছে ১৯৯৭ এবং ২০১৯—এই দুই সময়কাল ঘিরে। এর কেন্দ্রে রয়েছে এক নিখোঁজ কাণ্ড, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি, প্রশাসন এবং দুর্নীতির সম্ভাব্য যোগসূত্র।

ছবিতে কুণাল ঘোষকে দেখা যাবে এক সাংসদ এবং রাজনৈতিক দলের রাজ্য সম্পাদকের ভূমিকায়। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে কতটা চ্যালেঞ্জিং লাগছে, প্রশ্নের উত্তরে কুণাল বলেছেন, “অভিনয় তো করতেই হবে। কারণ ছবির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচালকের ভাবনায় নিখুঁত বাস্তবতা রয়েছে। আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখছি।”

আরও পড়ুনঃ আরসিবি-র জয়োৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু, স্বতঃপ্রণোদিত মামলায় আজ শুনানি হাইকোর্টে

Advertisement
ads

তাঁর অভিনয়ের প্রশংসা করেই পরিচালক অরিন্দম শীল বলেন, “ক্যামেরার সামনে কুণালের স্পষ্ট উচ্চারণ, রাজনৈতিক অভিজ্ঞতা, আত্মবিশ্বাস—সবকিছুই ফুটিয়ে তুলতে চাই। ওকে আলাদা করে অভিনয় করতে হবে না, ওর নিজস্বতাই যথেষ্ট।”

ছবির আর এক আকর্ষণ মন্ত্রী তথা অভিজ্ঞ থিয়েটার অভিনেতা ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁকে দেখা যাবে এক হোমিসাইড গোয়েন্দার চরিত্রে। একই সঙ্গে তিনিই হবেন কুণাল ঘোষের ‘অভিনয় গুরু’। কুণাল জানান, “আমি অভিনয়ে নতুন, তাই ব্রাত্যদাকেই অনুরোধ করেছি আমার গাইড হওয়ার জন্য।”

‘কর্পূর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি অভিনয় করছেন নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মৌসুমী সেনের চরিত্রে। পরিচালক নিজেই অভিনয় করছেন তাঁর স্বামীর ভূমিকায়। ছবিতে আরও রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, লহমা ভট্টাচার্য, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, কণাদ মৈত্র, তপস্যা দাশগুপ্ত প্রমুখ। নিউজ পোর্টাল ‘এডিপি নিউজ’ ঘিরেই আবর্তিত হবে কাহিনির বর্তমানকালীন অংশ।

Advertisement
ads

ছবির প্রযোজনায় রয়েছে ফিরদৌসল হাসানের (Firdausal Hasan) Friends Communication এবং আদিপ্ত মজুমদারের Kahak Studios। ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে ‘কর্পূর’