খেলার খবর
মেসিকে মাঠ ছাড়তে বাধ্য করল বিশৃঙ্খলা, আয়োজকদের তুলোধোনা কুণালের
Digital Desk: দর্শকাসন থেকে একের পর এক বোতল ছোড়া, গ্যালারিতে চরম উত্তেজনা—এই বিশৃঙ্খলার মধ্যেই সময়ের আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati Stadium) ছাড়তে বাধ্য হলেন লিওনেল মেসি (Lionel Messi)। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে এক ঝলক দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মাঠে নেমে ভাঙচুরের অভিযোগও ওঠে।
এই ঘটনার পর আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি প্রশ্ন তোলেন, পুরো বিষয়টাই কি শুধু টাকা আর ব্যবসা (business)? কেন মেসিকে ঘিরে অপ্রয়োজনীয় ভিড় তৈরি করা হল? কেন মাঠ পরিক্রমার সময় তাঁকে আলাদা করে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল—একাধিক প্রশ্ন তুলেছেন কুণাল।
শনিবার সকালে যুবভারতীতে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সকাল ১১টা থেকে স্টেডিয়ামে থাকবেন মেসি এবং মাঠ পরিক্রমা করবেন। অনুষ্ঠানে শাহরুখ খানেরও উপস্থিত থাকার কথা ছিল। মেসি নির্ধারিত সময়েই স্টেডিয়ামে পৌঁছন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ বলছিলেন, চার মাস আগে টিকিট কেটেছেন, কেউ আবার ভোর ৪টে থেকে অপেক্ষার কথা জানান। তবুও বহু দর্শক মেসিকে দেখতে পাননি।
এরপর সোশ্যাল মিডিয়ায় (social media) কুণাল ঘোষ লেখেন, “অপদার্থ আয়োজকরা ন্যূনতম পরিকল্পনার পরিচয় দিতে পারল না। শুধু টাকা আর কিছু মানুষের আদিখ্যেতার জন্য সবাই বঞ্চিত হল।” তিনি আরও বলেন, “এটা মেসিকে দেখার আয়োজন নয়, নিজেকে জাহির করার প্রতিযোগিতা ছিল।”
২০১১ সালে যুবভারতীতেই মেসি খেলেছিলেন—সে সময় কোনও বিশৃঙ্খলা হয়নি বলেও উল্লেখ করেন কুণাল। তাঁর দাবি, পরিকল্পনার অভাব ও অযথা ভিড়ই এই লজ্জাজনক পরিস্থিতির জন্য দায়ী।
