বিনোদন
দেবের সঙ্গে ছবি মুক্তির ‘অপরাধে’ হুমকি! মুখ খুললেন জ়িনিয়া সেন
ডিজিটাল ডেস্কঃ অভিনেতা-সাংসদ দেবের এক ফ্যান ক্লাবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী ও চিত্রনাট্যকার জ়িনিয়া সেন। অভিযোগ, চলতি বছরের গোড়ায় ওই ফ্যান ক্লাবের সদস্যরা শিবপ্রসাদ ও জিনিয়ার বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁর বিকৃত ও অর্ধনগ্ন ছবি। উদ্দেশ্য—আসন্ন পুজোয় দেবের ছবি ‘রঘু ডাকাত’-এর সঙ্গে যেন ‘রক্তবীজ ২’ মুক্তি না পায়।
জানা গেছে, এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন জিনিয়া। পাশাপাশি শনিবার আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করেছেন তিনি। তাঁর অভিযোগ, এটা কেবল অনলাইন হেনস্থা নয়, নারীর প্রতি বিকৃত মানসিকতার প্রতিফলন। তাঁর কথায়, “আমার ছবি যেভাবে বিকৃত করে ছড়ানো হয়েছে, তা ধর্ষকাম মনোভাবেরই প্রকাশ।”
আরও পড়ুনঃ বক্স অফিসে ‘নো ধামাল’! দেশের অন্দরে কত কামাল ভাইজানের সিকান্দার?
এ ঘটনায় দেব নিজেও মুখ খোলেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এই আচরণের তীব্র নিন্দা করেন। অভিনেতা স্পষ্ট জানান, ভক্তের নামে এমন হেনস্থা কোনও ভাবেই বরদাস্তযোগ্য নয়। উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে জিনিয়াকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। সংস্থার দুই কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জানান, “আমরা কখনও কোনও মানুষের ভাবাবেগে আঘাত দিইনি। এই ধরনের অশালীনতার প্রতিবাদ করছি।”
এ বিষয়ে কথা বলতে গিয়ে জিনিয়া বলেন, “আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তারা আদৌ দেবের সত্যিকারের অনুরাগী কি না, তা নিয়েই আমার সন্দেহ।” পাশাপাশি তিনি জানান, দেব থাকলে তিনিও হয়তো একইভাবে প্রতিবাদ করতেন। যদিও এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন—এ কি তবে শিবপ্রসাদ-দেব সম্পর্কের মধ্যে ফাটল ধরাবে? জিনিয়ার স্পষ্ট উত্তর, “সম্পর্ক নষ্ট হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।” অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে বলেও জানান জিনিয়া। এই ঘটনায় তদন্তের দাবি আরও জোরদার হয়েছে চলচ্চিত্র জগতে।
