কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ট্রাম্পের প্রস্তাব এক কথায় নাকচ করল ভারত
Connect with us

হামলা

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ট্রাম্পের প্রস্তাব এক কথায় নাকচ করল ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের অন্তর্ভুক্ত করা সংবিধানসিদ্ধ লক্ষ্য—এই অবস্থান থেকে এক ইঞ্চিও সরছে না কেন্দ্র। রবিবার ফের একবার দিল্লির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত গ্রহণ করবে না। সূত্রের খবর অনুযায়ী, এই বার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই।

শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির (India-Pakistan Ceasefire) খবর প্রথম প্রকাশ্যে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর পরদিন, রবিবার তিনি বলেন, দুই দেশের মধ্যে কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আলোচনার মাধ্যম হতে পারেন। এই প্রস্তাবের কড়া জবাবই দিল ভারত। বিদেশ মন্ত্রকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, কাশ্মীর নিয়ে কোনও বহিরাগত শক্তির হস্তক্ষেপ চলবে না। ভারতের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট—কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধু জঙ্গি দমন এবং সন্ত্রাসবাদ নির্মূল নিয়েই।

আরও পড়ুনঃ ব্রহ্মস ইউনিট উদ্বোধনে বার্তা রাজনাথের: ‘সিঁদুর মুছলে জবাব দেব গুলি-গোলায়’

এই প্রেক্ষাপটে, সীমান্তে নতুন করে হিংসা ছড়ালে ভারতের সেনাবাহিনী কেমন প্রতিক্রিয়া দেবে, তাও স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi)। সূত্রের খবর, সীমান্তে মোতায়েন সেনা অফিসারদের ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে যে কোনও রকম আক্রমণের পালটা জবাব দেওয়ার জন্য। আগামী সোমবার ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (DGMO) পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই সেনাপ্রধান কড়া নির্দেশ দিয়েছেন, সীমান্ত পেরিয়ে কোনও আগ্রাসন হলে যেন সঙ্গে সঙ্গে পালটা হামলা চালায় বাহিনী।

Advertisement
ads

একদিকে কূটনৈতিক স্তরে মধ্যস্থতা খারিজ, অন্যদিকে সামরিক স্তরে কঠোর বার্তা—এই দ্বিস্তরীয় কৌশলের মাধ্যমে ভারত ফের জানিয়ে দিল, সন্ত্রাস বা আগ্রাসনের সামনে কোনওরকম নরম মনোভাব দেখানো হবে না। আন্তর্জাতিক মহলের উদ্দেশে বার্তা স্পষ্ট—কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, এখানে তৃতীয় পক্ষের কোনও স্থান নেই।

Continue Reading
Advertisement