হামলা
আন্তর্জাতিক মহলে ‘সিঁদুর’-এর প্রতিপত্তি, পাল্টা পদক্ষেপে পাকিস্তান
ডিজিটাল ডেস্কঃ ভারতের (India) ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর জবাব দিতে শেষপর্যন্ত নিজের সামরিক অভিযানের নাম ঘোষণা করল পাকিস্তান (Pakistan)। সংঘাত শুরুর তিন দিনের মাথায় পাক সেনাবাহিনীর তরফে এই পাল্টা অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ (Operation Bunyan-un-Marsus)। উর্দু ভাষার এই নামের আক্ষরিক অর্থ ‘সীসা দ্বারা সংরক্ষিত প্রাচীর’ বা ‘দৃঢ় ভিত্তি’— যা প্রতিরক্ষা ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে বলে দাবি ইসলামাবাদের।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার (Attaullah Tarar) একে একটি প্রতীকী নাম বলেই উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, “যেমন সিঁদুরে সীসার উপস্থিতি থাকে, তেমনই আমরা সেই ধাতব প্রতিরক্ষা শক্তির বার্তা দিচ্ছি।” যদিও আধুনিক কালে সিঁদুরে সীসার পরিমাণ কমিয়ে আনা হয়েছে স্বাস্থ্যের কারণে, তথাপি পাকিস্তান যে কৌশলে ভারতের মনস্তাত্ত্বিক প্রতীকের পাল্টা প্রতীক ব্যবহার করছে, তা স্পষ্ট বলে মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুনঃ রজৌরিতে পাকিস্তানের বোমায় নিহত প্রশাসনিক কর্তা, পাল্টা মিসাইল হানায় জবাব ভারতের
শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর আওতায় ভারতের (India) তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাক সেনার তরফে জানানো হয়েছে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একাংশ নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে এবং শত্রুপক্ষের ‘সার্বভৌমত্বে আঘাত’ করা হয়েছে বলে Islamabad দাবি তুলেছে।
বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ার পর পাকিস্তানের অভ্যন্তরেও সেই নাম ঘুরে ফিরে আসছে। সেনা ও সাধারণ নাগরিকদের মনোবল বজায় রাখতে এবং কৌশলগত দিক থেকে ভারসাম্য রক্ষা করতে পাকিস্তানও নিজস্ব অভিযানকে নাম দিয়ে আনুষ্ঠানিকতা দিল।
এদিকে, বিবিসি-র (BBC) প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের করাচির ফয়সল হাইওয়ে এবং ভারতের শ্রীনগরের (Srinagar) একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে শ্রীনগর বিমানবন্দরের কাছেই একটি বিস্ফোরণ হয় বলে খবর। সেই বিমানবন্দর বর্তমানে সেনার নিয়ন্ত্রণে রয়েছে এবং বেসরকারি বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, ভারতীয় সেনাও পাল্টা প্রত্যাঘাতে সক্রিয় রয়েছে। শুক্রবার রাতভর চালানো অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে সূত্রের খবর।
