সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী
Connect with us

আবহাওয়া

সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সপ্তাহান্তে রাজ্যবাসীর ছুটির দিনে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহের শুরুতে পরিস্থিতির উন্নতি হলেও দ্রুতই রাজ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে। পশ্চিমের জেলাগুলিতে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।

আবহাওয়াবিদদের মতে, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রয়েছে একাধিক অক্ষরেখা—ঝাড়খণ্ড থেকে অসম, পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড এবং মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। এই সব কটি পরিস্থিতি মিলেই তৈরি করছে বঙ্গোপসাগর ও তার আশেপাশে বৃষ্টিপ্রবণ পরিস্থিতি।

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

রবিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কম হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সোমবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement
ads

তবে সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে, যা বুধবার পর্যন্ত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে শনিবার হতে পারে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি। সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। তবে পরবর্তী সপ্তাহে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে দফতর।

রাজ্যের বাইরে তুষারপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ ও হিমাচল প্রদেশে। অসম, মেঘালয় ও সিকিমেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। গুজরাটে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

সপ্তাহান্তে যাঁদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাঁদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যে ফের গ্রীষ্মের দাপট শুরু হবে বলেই মনে করা হচ্ছে।ভ

Advertisement
ads