প্রেম ভেঙে মৃত্যু, বিচার না মেলায় মৃতদেহ নিয়েই পথে নামল পরিবার
Connect with us

আত্মহত্যা

প্রেম ভেঙে মৃত্যু, বিচার না মেলায় মৃতদেহ নিয়েই পথে নামল পরিবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রেমঘটিত সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মঘাতী যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দেবীনগর বাইপাস এলাকা। বুধবার বিকেলে মৃত কলেজ ছাত্র সায়ক চক্রবর্তীর পরিবারের এই বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর একুশের সায়ক চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা এবং তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছিলেন। মঙ্গলবার তাঁর নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃতের পরিবারের দাবি, সায়কের প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং তার থেকেই মানসিক চাপে পড়েই আত্মহত্যার পথে যায় সে।

আরও পড়ুনঃ ইনফ্লুয়েন্সার হওয়ার নেশা! স্বামীকে খুন করে দেহ গুম, ধৃত স্ত্রী ও প্রেমিক

বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ হাতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সায়কের আত্মীয়রা। তাঁরা মৃতদেহটি সরাসরি প্রেমিকার বাড়ির সামনে এনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ঘটনার একদিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃতের এক আত্মীয়া তানিয়া চক্রবর্তী বলেন, “সম্পর্কে সমস্যা চলছিল। আমরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছি, কিন্তু এখনও কোনও পদক্ষেপ হয়নি। তাই এই বিক্ষোভ।”

Advertisement
ads

ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী। স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মৃতের মোবাইল ফোন উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রেমিকার পরিবারকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমঘটিত সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতি ও মৃতদেহ ঘিরে প্রকাশ্য বিক্ষোভে নাড়িয়ে দিয়েছে গোটা দেবীনগর বাইপাস চত্বর।

Continue Reading
Advertisement