ধর্ম
রামনবমী ঘিরে উত্তাল রাজনীতি, দিলীপের হুঁশিয়ারি— বাধা দিলে মাড়িয়ে যাবে
ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের বছরেই রাজ্যে রামনবমী নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই হিন্দু ভোটারদের পাশে টানতে রাজ্য জুড়ে জোরকদমে রামনবমী উদ্যাপনের প্রস্তুতিতে নেমেছে বিজেপি। আর এই উৎসব ঘিরেই এবার রাজনীতিতে শুরু হয়েছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির লড়াই।
শনিবার কলকাতা ও রাজ্যের একাধিক জেলায় রামনবমী উপলক্ষে গেরুয়া পতাকার রমরমা। রেড রোড, মেয়ো রোড, ভিক্টোরিয়ার সামনে সর্বত্রই টাঙানো হয়েছে অসংখ্য পতাকা। বিজেপি নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “রামনবমীতে প্রচুর মানুষ পথে নামবেন। কেউ বাধা দিতে এলে মাড়িয়ে চলে যাবে।” এই মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। পাল্টা সওকত মোল্লার কটাক্ষ, “বাংলার পুলিশ আছে বলেই দিলীপ ঘোষ ঘর থেকে বেরোতে পারছেন। না হলে বাড়িতেই লুকিয়ে থাকতে হতো।” তিনি আরও বলেন, “ক্ষমতায় যেতে না পেরে বিজেপি এখন হিংসার পথে হাঁটছে। রাজ্যকে অশান্ত করতে চাইছে। জনগণকে তাই সজাগ থাকতে হবে।”
আরও পড়ুনঃ ফের বিজেপি নেতাকে নোটিশ! আমি থানায় যাব না, স্পষ্ট দেন অর্জুন সিং
রামনবমী ঘিরে অতীতে ঘটে যাওয়া অশান্তির কথা মাথায় রেখে এবার পুলিশও তৎপর। ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা-সহ ১০টি পুলিশ কমিশনারেটে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনও কড়া নজর রাখছে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। রামনবমীকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে এখন কার্যত ঘর গরম করা শুরু করে দিয়েছে সব পক্ষ।
