দক্ষিণ দিনাজপুর
লকডাউন ঘোষণা হতেই বালুরঘাটে দোকানে ভিড় সুরাপ্রেমীদের
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : তীব্র করোনার দাপটে দিশেহারা গোটা দেশ। এরাজ্যেও উর্ধমুখী করোনা (Corona) সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে রবিবার থেকে আগামী ১৫ দিন রাজ্যে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর লকডাউনে কিছু জরুরি পরিষেবা খোলা থাকলেও বন্ধ থাকবে মদের দোকান।
আর সেকারণে ১৫ দিনের মদ মজুত করতে লম্বা লাইন দেখা গেল বালুরঘাটের মদের দোকানে। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখা তো দূর অস্ত, কার্যত মদের দোকানের সামনে গায়ে গা লাগিয়ে হুড়োহুড়ি করতে দেখা গেল কয়েকজনকে। কেউ কেউ জানালেন, রাতে একটু না খেলে ঘুম আসে না। কেউ আবার বললেন এটি ওষুধের মতন কাজ করে। না খেলে শরীর অচল হয়ে পড়বে৷ মদের দোকানের এই ভিড় দেখে মনেই হচ্ছে না যে বাংলায় কি ভয়ংকর থাবা বসিয়েছে মারণ ভাইরাস। যেখানে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেন সংকট, সেখানে কিন্তু মদ চাই চাই। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন নেশার জিনিস না পাওয়ার ভয়ে প্রাণের ঝুঁকি নিতেও রাজী সুরা প্রেমীরা৷ কে নেই লাইনে? বিভিন্ন বয়সের অনেকেই এই মদ কেনার লাইনে। সব মিলিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে ভাত-রুটির চাইতে কি এখন মদের চাহিদাই বেশি?
