কাজের প্রলোভনে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাচার! দুর্গাপুরে এনআইএ-র জালে গোলাম
Connect with us

ভাইরাল খবর

কাজের প্রলোভনে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাচার! দুর্গাপুরে এনআইএ-র জালে গোলাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) নিউ স্টিল পার্ক (New Steel Park) এলাকায় সোমবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ৮টা নাগাদ ছয় সদস্যের একটি তদন্তকারী দল, যার মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন, স্থানীয় পুলিশের (Police) সহায়তায় গোলাম জামা ওরফে গুড্ডুর ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী সংস্থার অভিযোগ, বিদেশে কাজের (Job) প্রলোভন দেখিয়ে শ্রমিকদের মধ্যপ্রাচ্যের (Middle East) বিভিন্ন দেশে পাঠানোর আড়ালে একটি বৃহৎ মানবপাচার (Human Trafficking) চক্র সক্রিয় ছিল। সেই চক্রের সঙ্গে গোলাম জামার যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, ভুয়ো পাসপোর্ট (Fake Passport) তৈরি করে শ্রমিকদের বিদেশে পাঠানো হত এবং সেখানে তাঁদের নাশকতামূলক কর্মকাণ্ডে (Sabotage) জড়িয়ে পড়ার আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গোলামের বিরুদ্ধে জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তদন্তে উঠে এসেছে, আগে তিনি ছত্তিশগড়ে একটি টায়ারের দোকানে কাজ করতেন। পরে একটি ট্রাভেল এজেন্সিতে (Travel Agency) চাকরি করার সময় থেকেই বিদেশে শ্রমিক পাঠানোর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন বলে তদন্তকারীদের অনুমান। প্রায় তিন থেকে চার বছর আগে তিনি পরিবার নিয়ে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গোলাম প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। তাঁর স্ত্রী জানিয়েছিলেন, তিনি মালয়েশিয়া (Malaysia) ও সৌদি আরব (Saudi Arabia)-সহ একাধিক দেশে যাতায়াত করতেন। তবে সেই বিদেশ সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কেউ নিশ্চিত ছিলেন না।

Advertisement
ads ads

তল্লাশির সময় বাড়ি থেকে একাধিক ল্যাপটপ (Laptop), মোবাইল ফোন (Mobile Phone), গুরুত্বপূর্ণ নথি এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস (Digital Device) বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account), বিদেশি আর্থিক লেনদেন (Financial Transaction) এবং যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ইলেকট্রনিক তথ্য ফরেন্সিক (Forensic) পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

এনআইএ-র দাবি, ছত্তিশগড়ে একটি নাশকতামূলক ঘটনার তদন্তে গ্রেপ্তার দুই অভিযুক্তের জিজ্ঞাসাবাদ থেকেই গোলাম জামার নাম উঠে আসে। এরপর দীর্ঘদিন নজরদারির পর সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্তকারীরা মনে করছেন, এই মামলার সূত্র ধরে আরও বড় আন্তর্জাতিক মানবপাচার চক্রের সন্ধান মিলতে পারে।

Continue Reading
Advertisement ads