মালদা
বেহাল সেতু সংস্কারে ব্যবহৃত নিম্নমানের নির্মাণ সামগ্রী, ক্ষোভ প্রকাশ এলাকার বাসিন্দাদের
নিজস্ব সংবাদদাতা , মালদা , ১০ মে : সেতু সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলো স্থানীয়রা। উল্লেখ্য বহুদিন ধরেই সংস্কারের অভাবে বেহালদশা মালদার মঙ্গলবাড়ী এলাকা থাকা মহানন্দা সেতুর। এলাকাবাসীদের দাবি মেনে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে সেতু সংস্কারের কাজ।
কিন্তু এই নির্মাণকাজ অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ এলাকাবাসীদের। কম গুণমান সম্পন্ন জিনিস দিয়ে সেতুটির কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। রাতের অন্ধকারে গোপনে চলছিল এই সেতুর কাজ।ফলে যেকোন মূহুর্তে এই সেতু ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। মলয় বসাক নামে এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, মালদা শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্রীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন ধরেই এই সেতুটি সংস্কার না হওয়ায় বেশকিছু জায়গায় ভেঙ্গে গিয়েছে। স্থানীয়দের দাবী মেনে শুরু হয় সেতু সংস্কারের কাজ। কিন্তু তা নিয়ম মেনে হচ্ছে না। কম গুণমানসম্পন্ন লোহার রড ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যবহৃত বালি, সিমেন্টের মানও খুবই খারাপ বলে জানান তিনি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুটি ভেঙ্গে গিয়ে বড়সড় দূর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অবিলম্বে নিয়ম মেনে সেতুর কাজ করার দাবী তুলেছেন তিনি।এই মর্মে এদিন এলাকাবাসীরা কাজ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিয়মমেনে কাজ করার দাবী তুলেছেন তারা।যদিও এবিষয়ে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি নির্মাণকারী সংস্থা।
