শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদল? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে বড় প্রস্তাব অগ্নিমিত্রার
Connect with us

ভাইরাল খবর

শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদল? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে বড় প্রস্তাব অগ্নিমিত্রার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাঙালির আবেগ ও দুর্গাপুজোর সূচনার সঙ্গে জড়িয়ে থাকা কিংবদন্তি কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)-কে সম্মান জানাতে বড় উদ্যোগের প্রস্তাব সামনে এল। তাঁর জন্মদিনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শ্যামবাজারের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা পাল। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে মন্ত্রী জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতি সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে। প্রথমত, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে তাঁর নামে করা। দ্বিতীয়ত, আকাশবাণী ভবনের (Akashvani Bhavan) সামনে তাঁর একটি মূর্তি স্থাপন করা।

অগ্নিমিত্রা পাল বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু একজন শিল্পী নন, তিনি বাঙালির সাংস্কৃতিক আবেগের অংশ। তাঁর ঐতিহাসিক বাসভবনকে হেরিটেজ (Heritage) ঘোষণার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উত্তর কলকাতার ৩০ বি, রামধন মিত্র লেনের বাড়িটি দীর্ঘদিন ধরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতি বহন করে আসছে। বর্তমানে বাড়িটির অবস্থা কিছুটা জীর্ণ হওয়ায় সেটি সংরক্ষণের দাবি উঠেছে।

Advertisement
ads ads

১৯০৫ সালের ৪ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আকাশবাণী কলকাতার (Akashvani Kolkata) সঙ্গে যুক্ত এই কিংবদন্তি শিল্পী নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় মহালয়ার ভোরে সম্প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’ (Mahishasura Mardini) অনুষ্ঠানের কণ্ঠস্বর হিসেবে।

১৯৩১ সাল থেকে মহালয়ার সকালে তাঁর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শুনেই বাঙালির পুজোর আবহ শুরু হয়। তাই তাঁর স্মৃতিকে আরও মর্যাদা দিতে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত হয়নি।