কলকাতা
দীর্ঘ প্রায় দু’দশক পর কলকাতায় তসলিমা নাসরিন! বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, আবেগঘন লেখিকা
ডিজিটাল ডেস্কঃ প্রায় দু’দশক পর আবার কলকাতায় (Kolkata) ফিরলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে (Airport) পৌঁছতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান অনুরাগীরা। দীর্ঘদিন পর প্রিয় শহরে ফিরে আবেগাপ্লুত তসলিমা হাসিমুখে বলেন, “খুবই ভালো লাগছে।”
কলকাতায় পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই তিনি সামাজিক মাধ্যম (Social Media)-এ লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছিল জল্পনা। পরে বিমানবন্দরে তাঁর আগমন সেই অপেক্ষারই অবসান ঘটায়।
শনিবার রবীন্দ্রসদনে (Rabindra Sadan) মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের আয়োজন করেছে সেক্যুলার মিশন (Secular Mission) ও এইচআরবিএফএফ (HRBFF)। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন।
২০০৭ সালে তাঁর আত্মজৈবনিক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সময়ের অশান্ত পরিস্থিতির জেরে তাঁকে শহর ছাড়তে হয়। এরপর দীর্ঘ সময় আর কলকাতায় আসা হয়নি তাঁর।
প্রায় ১৯ বছর পর এই প্রত্যাবর্তন ঘিরে সাহিত্য ও সংস্কৃতি মহলে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। বিমানবন্দরে উপস্থিত অনুরাগীদের শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন তসলিমা। তাঁর এই সফরকে ঘিরে নিরাপত্তা (Security) ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
দীর্ঘ নির্বাসনের পর স্মৃতির শহরে ফিরে তসলিমার এই সফরকে ঘিরে এখন সাংস্কৃতিক মহল ও পাঠকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শনিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহও লক্ষ্য করা যাচ্ছে।
