বিশ্বের খবর
মায়ানমারে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১২ মিনিট পর আরও একবার কাঁপুনি
ডিজিটাল ডেস্কঃ মায়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২, যা ভারতীয় সময় সকাল ১১:৫০ মিনিটে আঘাত হানে। মাত্র ১২ মিনিট পর আরও একবার ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল মায়ানমারের ২১.৯৩° উত্তর অক্ষাংশ ও ৯৬.০৭° পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের প্রভাব শুধু মায়ানমারেই সীমাবদ্ধ থাকেনি, ভারতেও কম্পন অনুভূত হয়েছে। কলকাতা, দিল্লি, অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক স্থানে কেঁপে ওঠে মাটি। এমনকি প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
আরও পড়ুনঃ বালোচিস্তানে বাস থামিয়ে গুলি, পাঁচ যাত্রীর নৃশংস হত্যা
এই ভয়াবহ ভূমিকম্পের ফলে মায়ানমারের মান্দালয় শহরে ঐতিহাসিক আভা সেতু ভেঙে ইরাবতী নদীতে পড়ে গেছে। বেশ কিছু বহুতল ভবনও ধসে পড়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পৃথিবীর অভ্যন্তরে থাকা সাতটি টেকটোনিক প্লেটের নড়াচড়া ও সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা সরতে থাকে, তখন ভূ-পৃষ্ঠ কেঁপে ওঠে। ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করা হয়, যেখানে ৭ বা তার ওপরে মাত্রার কম্পন ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক বলে বিবেচিত হয়। ৭ মাত্রার ভূমিকম্প সাধারণত ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবল ধ্বংসযজ্ঞ চালাতে পারে।
বর্তমানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।
