খুন
বালোচিস্তানে বাস থামিয়ে গুলি, পাঁচ যাত্রীর নৃশংস হত্যা
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের বালোচিস্তানে ফের রক্তাক্ত হামলা। বুধবার গভীর রাতে করাচিগামী একটি বাস থামিয়ে পাঁচ যাত্রীকে গুলি করে হত্যা করল সন্দেহভাজন বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র বিদ্রোহীরা।
সূত্রের খবর, কালমত এলাকায় বাস থামিয়ে যাত্রীদের নামতে বাধ্য করা হয়। পরিচয়পত্র দেখে বেছে বেছে পঞ্জাবি বাসিন্দাদের টার্গেট করে গুলি চালায় হামলাকারীরা। এর আগেও একই কায়দায় হত্যার ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ, বৌমা ও নাতিকে আটক করল পুলিশ
এই হামলার কয়েকদিন আগেই কাচ্চি বোলানের মাশকাফ সুড়ঙ্গে ট্রেন অপহরণ, কোয়েটায় আধাসেনার গাড়িতে বিস্ফোরণ ও নোশকিতে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বিএলএ। স্বাধীনতাপন্থী এই সংগঠনের দাবি, পাক সরকারের মদতে পঞ্জাবি জনগোষ্ঠীর আধিপত্য বাড়ছে, ফলে বালোচ সম্প্রদায় নিজেদের ভূমিতে পরবাসী হয়ে পড়ছে।
সম্প্রতি বিএলএ, বিএলএফ, বিআরজি এবং সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি (এসআরএ) মিলে একটি যৌথমঞ্চ গঠন করেছে, যা ভবিষ্যতে আরও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
