ভাইরাল খবর
৬৪ দিন বাকি পুজোয়, প্রস্তুতির গতি বাড়াতে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ হাতে মাত্র ৬৪ দিন। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে শুরু হচ্ছে এবারের দুর্গাপুজো (Durga Puja 2025)। আর তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রস্তুতি শুরু করে দিলেন বাংলার সবচেয়ে বড় উৎসব ঘিরে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দুর্গাপুজোর প্রস্তুতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট পুজো কমিটির প্রতিনিধিরা ছাড়াও কলকাতা পুলিশ, দমকল বিভাগ, CESC, পরিবহণ বিভাগ এবং কলকাতা পুরসভার (KMC) শীর্ষ আধিকারিকরা। মূলত নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্ট, ফায়ার সেফটি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোচনা হবে সেখানে।
আরও পড়ুনঃ ‘অপরাজিতা বিল’ ফিরিয়ে দিল রাজভবন, কেন্দ্রের আপত্তিতে জোর রাজনৈতিক প্রতিক্রিয়া
তবে উদ্যোক্তাদের নজর অন্য জায়গায়। গত বছর মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, দুর্গাপুজো অনুদানের পরিমাণ ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হতে পারে। সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হয় কি না, সেটাই দেখার। উদ্যোক্তারা আশায় বুক বাঁধছেন—এই বৈঠকে সেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
প্রতিবছরের মতোই এবছরও মুখ্যমন্ত্রী পুজোর সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নিজেই দায়িত্ব নিচ্ছেন। গত কয়েক বছর ধরেই রাজ্যের পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তার পরিমাণও ধাপে ধাপে বেড়েছে। এবার সময় স্বল্প হওয়ায় প্রস্তুতি আরও ত্বরান্বিত করতে হবে বলে মনে করছেন সব পক্ষই।
তাই এখন সবার নজর বৃহস্পতিবারের বৈঠকের দিকেই—কী বলেন মুখ্যমন্ত্রী, আর পুজোর খুশিতে বাড়তি অনুদান মেলে কি না, সেটাই দেখার।