হামলা
ভারত-পাক সংঘর্ষ বিরতির পর খুলে গেল ৩২টি বিমানবন্দর, স্বাভাবিক হচ্ছে পরিষেবা
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Ministry of Civil Aviation) নির্দেশে সেই সময় নিরাপত্তাজনিত কারণে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল দেশের ৩২টি বিমানবন্দর, যার মধ্যে ছিল শ্রীনগর (Srinagar), অমৃতসর (Amritsar), চণ্ডীগড় (Chandigarh), লুধিয়ানা, পাঠানকোট, জম্মু, সিমলা, জোধপুর ও বিকানের-এর মতো স্ট্র্যাটেজিক লোকেশন।
তবে শনিবার রাতে সংঘর্ষ বিরতির ঘোষণা হতেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেই আবহে এবার আবারও চালু করা হল দেশের বন্ধ থাকা বিমানবন্দরগুলি। সোমবার এক বিজ্ঞপ্তিতে কর্পোরেট কমিউনিকেশন ডিরেক্টরেট (Corporate Communications Directorate) জানায়, “৩২টি এয়ারপোর্টে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।”
আরও পড়ুনঃ শিব স্তোত্র পাঠে শুরু, অতঃপর ‘অপারেশন সিঁদুর’-এর ভয়াল চিত্র প্রকাশ করল ভারত
যদিও যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলির তরফে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন তাঁদের নির্ধারিত ফ্লাইটের বিস্তারিত তথ্য ও সময়সূচি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেন। কারণ যুদ্ধ পরিস্থিতি থেকে সদ্য বেরিয়ে আসা দেশের নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এই সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা, কারণ বন্ধ থাকার কারণে উত্তর-পশ্চিম ভারতের বহু গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছিল, যার প্রভাব পড়েছিল দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার উপরেও। এখন পরিস্থিতি শান্ত হওয়ায় ধাপে ধাপে সবকিছু স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
