দক্ষিণ দিনাজপুর
চুরি করা ব্যাটারি বিক্রি করতে গিয়ে ধৃত ৩ যুবক, চলল মারধর
বংশীহারী, ১৪ জুন : চোর সন্দেহে ৩ যুবককে ধরে দড়ি দিয়ে বেঁধে চললো মারধর। পরে পুলিশের হাতে তাদের তুলে দেয় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। জানা গিয়েছে বুনিয়াদপুর শহরে বেশ কিছুদিন ধরে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
লকডাউনে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে শহরের বিভিন্ন দোকানে চুরির পাশাপাশি টোটোর ব্যটারি নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। এনিয়ে ক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। রবিবার রাতেও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। সেই চুরি যাওয়া ব্যাটারি এক জায়গায় বিক্রি করার চেষ্টা করছিল চোরের দল। খবর পেয়ে এলাকার বাসিন্দারা প্রদীপ সরকার নামে এক যুবককে ধরে ফেলে। তাকে বেঁধে মারধর করতেই বেরিয়ে আসে তার দুই সাগরেদের নাম। এলাকায় খোঁজ করে তাদেরও ধরে মারধোর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে চোরেদের উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা। এলাকায় চুরি বন্ধে ধৃতদের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা৷
