ভোটের খবর
প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের
নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৯ এপ্রিল : ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদা মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়।
এদিন বিজেপি কর্মীদের সাথে নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর সহ বিভিন্ন এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী গোপাল সাহা।প্রচার চলাকালীন ছোটপুর এলাকায় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। রাজকুমার চৌধুরী নামে এক এলাকাবাসী অভিযোগ করেছেন, মুচিয়া গ্রাম পঞ্চায়েত
বিজেপি পরিচালিত হলেও বিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তারা এলাকাবাসীরা কোন সুযোগ সুবিধা পায়নি। রাস্তাঘাট কিছু তৈরি হয়নি। প্রয়োজনে দেখা মেলেনা প্রধানের। এখন ভোট এসেছে বলে গ্রামে প্রচারের সময় প্রার্থী ও প্রধানকে একসঙ্গে দেখা যাচ্ছে। ফলে এদিন তাদেরকে
ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। শেষপর্যন্ত প্রচারে মাঝপথ থেকেই ফিরতে হয় বিজেপি প্রার্থীকে। বিজেপি প্রার্থী গোপাল সাহার দাবী, তৃণমূলের অপশাসনে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। কেন্দ্র সরকারের কোন উন্নয়নের সুবিধাই এখানে মেলেনা। ফলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অসন্তোষ জমে রয়েছে। যদিও এবিষয়ে পাল্টা কটাক্ষ করে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, আবাস যোজনা সহ নানা সরকারী প্রকল্পে সাধারণ মানুষদের কাছ থেকে কাটমানি নিয়েছেন বিজেপির নেতা কর্মীরা। এই নেতা কর্মীদের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ করেই মালদা বিধানসভা কেন্দ্র শুধু নয়, এই রাজ্যের প্রতিটি জায়গায় বিজেপি প্রার্থীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
