বিনোদন
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও, ৭৫০-রও বেশি ছবির জনপ্রিয় খলনায়ক পেয়েছিলেন ‘পদ্মশ্রী’ সম্মান
ডিজিটাল ডেস্কঃ আর ফিরবেন না রুপোলি পর্দার প্রবাদপ্রতিম অভিনেতা কোটা শ্রীনিবাস রাও (Kota Srinivasa Rao)। দীর্ঘ চার দশকের অভিনয়জীবনের পর ৮৩ বছর বয়সে পাড়ি দিলেন না-ফেরার দেশে। রবিবার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাধারে জনপ্রিয় অভিনেতা, আবার রাজনৈতিক ব্যক্তিত্ব—দুটি ভূমিকাতেই তিনি ছিলেন প্রশংসিত।
১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কাঙ্কিপাদু গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস। চিকিৎসকের সন্তান হিসেবে তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তবে মঞ্চনাটকের হাত ধরেই অভিনয়ের প্রতি গভীর টান জন্ম নেয়। যদিও কর্মজীবনের শুরুতে যোগ দেন স্টেট ব্যাঙ্কে। অভিনয়ে আসেন ১৯৭৮ সালে তেলুগু ছবি Pranam Khareedu-র মাধ্যমে। এরপর তেলুগু ছাড়াও তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ছবিতে সমান দক্ষতায় অভিনয় করেন। তাঁর অভিনীত ছবির সংখ্যা ছাড়িয়েছে ৭৫০।
তাঁর চরিত্রাভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই খল চরিত্রেও ছিলেন অতুলনীয়। বলিউডের Sarkar ছবিতে ‘সিলভার মণি’-র চরিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর দৃঢ় উপস্থিতি আজও দর্শকদের স্মরণে। তেলুগু ছবিতে ‘Idiot’ (2002), ‘Govinda Govinda’ (1993), ‘Ganesh’ (1998), এবং Rakta Charitra (2010)-র মতো বহু হিট ছবি তাঁর ঝুলিতে।
২০১৫ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে দেওয়া হয় ‘Padma Shri’। এছাড়াও তিনি পেয়েছেন ৯টি ‘Nandi Award’। ২০১২ সালে Krishnam Vande Jagadgurum ছবির জন্য পেয়েছিলেন ‘SIIMA Award’।
শুধু অভিনয় নয়, রাজনীতিতেও ছিলেন সক্রিয়। বিজেপির টিকিটে ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের পূর্ব বিজয়ওয়াড়ার বিধায়ক ছিলেন তিনি।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র দুনিয়া। রেখে গেলেন স্ত্রী রুক্মিনী, দুই পুত্র এবং এক কন্যাকে।
