ভাইরাল খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে হইচই, লগ্নজিতাকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ১
ডিজিটাল ডেস্কঃ নামী সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty) মঞ্চে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরে। শনিবার সন্ধ্যায় ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে (South Point Public School) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়েছিলেন তিনি।
লগ্নজিতার অভিযোগ, অনুষ্ঠান শুরুতে পরিবেশ ছিল শান্ত। সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় এবং প্রথম সাতটি গান তিনি নির্বিঘ্নেই পরিবেশন করেন। অষ্টম গানের আগে দর্শকদের সঙ্গে কথা বলার সময় আচমকাই দর্শকাসন থেকে উঠে এসে এক ব্যক্তি মঞ্চে চড়াও হন। অভিযোগ, ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। উপস্থিত অন্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্পীর দাবি, ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ গাওয়ার পরই অভিযুক্ত উত্তেজিত হয়ে ওঠেন। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন লগ্নজিতা এবং আর গান না গেয়ে মঞ্চ ছাড়েন।
ঘটনার পর রাতে ভগবানপুর থানায় (Bhagwanpur Police Station) গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। পরে অভিযুক্ত স্কুলমালিক মেহবুব মল্লিককে (Mehebub Mallik) গ্রেপ্তার করে কাঁথি আদালতে (Contai Court) পেশ করে পুলিশ। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং থানার ওসির ভূমিকা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


