কলকাতা
মোহনবাগান ভোটে সৃঞ্জয়ের পাশে টুটু বসু, বললেন: হুইলচেয়ারে বসেও প্রচারে নামব
ডিজিটাল ডেস্কঃ মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বসু (Srinjoy Bose)-র হয়ে সরাসরি প্রচারে নামার ঘোষণা করলেন সদ্যপ্রাক্তন সভাপতি টুটু বসু (Tutu Bose)। শনিবার বালিগঞ্জের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, নৈতিক কারণেই সভাপতির পদ ছেড়েছেন, এবার ছেলে সৃঞ্জয়ের পাশে দাঁড়াতে চান সম্পূর্ণভাবে।
সাংবাদিক সম্মেলনে টুটুবাবুর আক্রমণের নিশানায় ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। যদিও সরাসরি নাম উল্লেখ না করেই তিনি অভিযোগ করেন, ক্লাবের নির্বাচন ঘিরে তাঁর পরিবারে বিভাজনের চেষ্টা হয়েছে। তাঁর কথায়, “বসু পরিবারকে ধ্বংস করতে চাইলে সে ভুল করছে। আমি বটবৃক্ষ। কেউ ফাটল ধরাতে পারবে না। সৃঞ্জয় আর আমি যখন লড়ছি, তখন পরিবারের কেউ বিরোধী শিবিরে যাবে না।”
আরও পড়ুনঃ বাঁশের আড়ালে সিগারেট সিন্ডিকেট! জলপাইগুড়িতে ধরা পড়ল মায়ানমার-মার্কা কারবার
টুটু বসু আরও বলেন, “নীতিগত কারণে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। এবার সৃঞ্জয়ের সঙ্গে থেকে প্রচারে নামব। দরকার হলে হুইলচেয়ারে বসেও প্রচারে যাব।” তাঁর আবেগপ্রবণ আবেদন, “সৃঞ্জয়কে ভোট মানেই আমাকে ভোট দেওয়া। আমি হাতজোড় করে অনুরোধ করছি।”
তিনি আরও দাবি করেন, যাঁর হাত ধরে আজকের সচিব ময়দানে এসেছেন, তিনিই আজ বিরোধী শিবিরে। টুটুবাবুর মতে, “আজ ক্লাব চালাতে বছরে ৭০-৭৫ কোটি টাকা দরকার। এমন লোক দরকার, যিনি প্যাশন নিয়ে থাকেন। সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) আমি এনেছিলাম বলেই আজ এই অবস্থা। ট্রফির কৃতিত্ব তাঁর, যিনি টাকা দিয়েছেন। যারা বাধা দিয়েছিল, তারা আজ মুখ খুলছে।”
এবার আর কোনও ‘সিলেকশন’ নয়, সাফ জানিয়ে দেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, এবার সরাসরি ভোট হবে এবং প্রশাসনও কোনও মধ্যস্থতা করবে না। সব মিলিয়ে মোহনবাগানের নির্বাচনের ময়দানে টুটু বসুর প্রত্যক্ষ নামা ঘিরে জমে উঠেছে লড়াই।
